বাগদাদ, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে শুরু হওয়া বড় ধরনের জঙ্গি দমনাভিযানে ৩০ জন জঙ্গিকে হত্যার দাবি করেছে মার্কিন বাহিনী। পাশাপাশি এ অভিযানের একদিনেই বহু অস্ত্রশস্ত্র খুঁজে পেয়েছে তারা। মার্কিন সেনাবাহিনী বুধবার একথা বলেছে।
এক বিবৃতিতে সোনাবাহিনী জানায়, আল-কায়েদার একটি আস্তানা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, সেনারা কমপক্ষে ২ টি অস্ত্রভান্ডার উদ্ধার করেছে। এসব অস্ত্রভান্ডারে গ্রেনেড, রকেট উৎক্ষেপকসহ আরও অনেক অস্ত্র আছে। একটি কক্ষে ৪ টি বোমা ছাড়াও মাটির নীচে লুকানো আরও ১০ টি বোমা উদ্ধার করেছে সেনারা।
দিয়ালা প্রদেশে এই অভিযান শুরুর পর মার্কিন বাহিনী প্রাথমিকভাবে ২২ জঙ্গিকে হত্যার দাবি করে। পরে তারা ৩০ জঙ্গি হত্যার এই দাবি করল।
মার্কিন সেনাদের এই বড় ধরনের অভিযানের মাঝেও মঙ্গলবার বাগদাদে একটি শিয়া মসজিদে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় প্রাথমিকভাবে ৭৮ জন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার নিহতের সংখ্যা বেড়ে ৮৭ হয়েছে। মার্কিন বাহিনীর আল-কায়েদা বিরোধী অভিযান শুরুর কয়েকঘন্টা পরই এই হামলা হয়। এক প্রত্যক্ষদশী জানিয়েছেন, বোমা হামলাকারী ট্রাক নিয়ে বাগদাদের খিলানি মসজিদে ঢুকে পড়ে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে মসজিদের দেয়াল ধ্বসে পড়াসহ ভবনের ভেতর দিকও ক্ষতিগ্রস্ত হয়।
এ হামলায় ৮৭ জন নিহত হওয়া ছাড়াও কমপক্ষে ২২৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকারীরা মৃতদেহগুলো মসজিদ থেকে টেনে বের করেছে। গত ফেব্র"য়ারিতে ইরাকে মার্কিন বাহিনীর জঙ্গি দমনাভিযান শুরুর পর এটি বাগদাদে ২য় বৃহত্তম বোমা হামলার ঘটনা। এর আগে এপ্রিলে বাগদাদ মার্কেটে গাড়ীবোমা হামলায় ১৮ জন নিহত এবং ১৪০ জন আহত হয়।
সামারার সোনা মসজিদে বোমা হামলার পরিপ্রেক্ষিতে ৪ দিন কারফিউ জারি থাকার পর তুলনামূলক শান্ত পরিস্থিতির মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।
মার্কিন বাহিনী মঙ্গলবার নতুন করে প্রায় ১০ হাজার সেনা নিয়ে দিয়ালা প্রদেশের বাকুবায় এ যাবৎকালের সবচেয়ে বড় জঙ্গি দমনাভিযান শুরু করেছে। এর জেরেই বাগদাদে ২য় বারের মতো বড় ধরনের এই হামলার ঘটনা ঘটল বলে মনে করা হচ্ছে। বাগদাদের উত্তরাঞ্চলে বাকুবায় আল-কায়েদা সমর্থক সুন্নি গেরিলাদের দমন করাই মার্কিন সেনাবাহিনীর এবারের অভিযানের লক্ষ্য। ইরাকের এক মার্কিন সামরিক সূত্র একথা জানায়।
'অপারেশন এরোহেড রাইপার' নামের এ অভিযান শুরুর পরপরই প্রায় ২২ গেরিলাকে হত্যার দাবি করে মার্কিন সেনারা। দিয়ালা প্রদেশের বাকুবা নগরীর শক্ত সুন্নি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে সুন্নি গ্র"পগুলোকে দুর্বল করে দেওয়ার লক্ষ্যে এগুচ্ছে সেনারা।
"প্রদেশটিতে আল কায়েদা জঙ্গিদের প্রভাববলয় ধ্বংস করে দিয়ে জনগণের বিরুদ্ধে জঙ্গিদের হামলার হুমকি দূর করাও এ অভিযানের লক্ষ্য। ইরাকে মার্কিন সেনাদের ২৫ তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ডেপুটি কমান্ডিং জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল মিক বেডনারেক এক বিবৃতিতে একথা বলেন।
মার্কিন বিবৃতিতে মঙ্গলবার জানানো হয়, স্থলসেনাদের পাশাপাশি হেলিকপ্টার নিয়েও হামলা চালাচ্ছে তাদের সেনারা। এছাড়াও সাজোঁয়া যানসহ অন্যান্য ভারী সামরিক যানবাহন অভিযানে অংশ নিচ্ছে বলেও জানানো হয়েছে।
অভিযান কতদিন চলবে বিবৃতিতে এ সম্পর্কে কিছু বলা হয়নি ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৪৪ঘ.
bdnews24