২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনে নতুন সরকার গঠনে আব্বাসের বিশেষ ডিক্রি

হামাস সরকার বিলুপ্ত করার পর পার্লামেন্টের অনুমোদন ছাড়াই নতুন সরকার গঠনের জন্য সাংবিধানিক বাধা দূর করতে শনিবার এক বিশেষ ডিক্রি জারি করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জরুরি অবস্থায় জারি করা এ ডিক্রির মাধ্যমে পশ্চিমা সমর্থিত সালাম ফাইয়াদকে প্রধানমন্ত্রী করে গঠিত ওই নতুন সরকারকে শপথ নেওয়াবেন আব্বাস। রোববার দুপুর একটায় এ শপথ অনুষ্ঠান হওয়ার কথা। প্রেসিডেন্ট দপ্তরের কর্মকর্তারা একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 10:37 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

রামাল্লাহ, পশ্চিম তীর, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- হামাস সরকার বিলুপ্ত করার পর পার্লামেন্টের অনুমোদন ছাড়াই নতুন সরকার গঠনের জন্য সাংবিধানিক বাধা দূর করতে শনিবার এক বিশেষ ডিক্রি জারি করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জরুরি অবস্থায় জারি করা এ ডিক্রির মাধ্যমে পশ্চিমা সমর্থিত সালাম ফাইয়াদকে প্রধানমন্ত্রী করে গঠিত ওই নতুন সরকারকে শপথ নেওয়াবেন আব্বাস। রোববার দুপুর একটায় এ শপথ অনুষ্ঠান হওয়ার কথা। প্রেসিডেন্ট দপ্তরের কর্মকর্তারা একথা জানান। কর্মকর্তারা জানান, শনিবার রাতে ওই ডিক্রি জারি করেছেন প্রেসিডেন্ট আব্বাস। জরুরি অবস্থা জারি থাকার কারণে এ ডিক্রির ফলে নতুন সরকারকে শপথ করাতে পার্লামেন্টর অনুমোদন প্রয়োজন হবে না আব্বাসের। এদিকে আব্বাসের এসব পদক্ষেপকে অনৈতিক বলে একে হামাসের বিরুদ্ধে 'অভ্যুত্থান' বলে অভিযোগ তুলেছে হামাস। ফিলিস্তিনি আইন অনুযায়ী জরুরি অবস্থার মেয়াদ ৩০ দিনের বেশি হতে পারবে না। তবে পার্লামেন্টের দুই তৃতীয়াংশ ভোটে নতুন মেয়াদে আরও ৩০ দিনের জন্য জরুরি অবস্থা দীর্ঘায়িত করা যাবে। ফিলিস্তিনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে হামাসের। কিন্তু হামাসের বেশিরভাগ পার্লামেন্ট সদস্যই ইসরায়েলের হাতে বন্দি থাকায় এমনকি কোরাম পূরণ করাও তাদের জন্য কষ্টকর ছিল। একইকারণে কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাদের সমস্যা হতো। পার্লামেন্ট সদস্যদের এ অনুপস্থিতির সুযোগ নিয়ে জরুরি অবস্থাকে দীর্ঘায়িত করার সুযোগ নিতে পারেন আব্বাস। কিছু ফাতাহ নেতা ও মার্কিন কর্মকর্তারা মনে করছেন, প্রেসিডেন্ট আব্বাস চাইলে জরুরি অবস্থা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বাড়াতে পারেন এবং আগামী বছরের নির্বাচনের আগ পর্যন্ত ফিলিস্তিন শাসন করতে পারেন। ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মার্কিন কনসাল জেনারেল জ্যাকব ওয়ালেস প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠকের পর রয়টার্সকে বলেছেন যে নতুন ফিলিস্তিনি সরকার গঠনের পর সরাসরি সাহায্যের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। ফলে ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের জন্যও সাহায্য পাঠানো সহজ হবে বলেও জানান তিনি। এদিকে, গাজায় হামাসের একচ্ছত্র নিয়ন্ত্রণের চতুর্থদিনে সেখান থেকে পালিয়ে যাচ্ছেন শত শত ফাতাহ সমর্থক। স্থলপথের পাশাপাশি সমুদ্রপথেও গাজা ছাড়ছেন বহু মানুষ। অন্যদিকে পশ্চিম তীরের হামাস সমর্থকদের ওপর হামলার বদলা নিতে সেখানে পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে হামাস। হামাস কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন পশ্চিম তীরে দেড়শ'রও বেশি হামাস সমর্থককে অপহরণ করেছে ফাতাহ। তিনি বলেন,"পশ্চিম তীরে ফাতাহর এসব সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে হাত গুটিয়ে বসে থাকবো না আমরা। এসব তৎপরতার অবসান নিশ্চিত করতে আমরা ব্যবস্থা নেব।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬০০ঘ.