কাবুল, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটো সেনাদের একটি টহল দলকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় শনিবার চার ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের সবাই অসামরিক আফগান নাগরিক। ওই হামলায় আরও পাঁচজন পথচারী আহত হয়েছেন, তবে বিদেশী সেনাদের হতাহত হওয়ার কোনো খবর নিশ্চিত হওয়া যায়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
কাবুল শহরের পশ্চিমাঞ্চলে ন্যাটো নেতৃত্বাধীন বিদেশী সেনাদের একটি টহল দলকে লক্ষ্য করে এক আত্মঘাতী বোমারু একটি বিস্ফোরকভর্তি গাড়ির বিস্ফোরণ ঘটালে ওই হতাহতের ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমারাই বাশারি শনিবার একথা জানান।
তিনি জানান, নিহত চারজনই পুরুষ এবং অসামরিক নাগরিক। এরা এসময় ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ ঘটনায় আরও পাঁচ পথচারী আহত হয়েছেন বলেও তিনি জানান।
কাবুল পুলিশের অপরাধ তদন্ত শাখার প্রধান আলিশা পাক্তিওয়াল বলেছেন, ওই ঘটনায় এক বিদেশী সেনার আহত হওয়ার খবর পাওয়া গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ন্যাটোর ইনআরন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্স (আইএসএএফ) এর এক মুখপাত্র বলেছেন, ওই ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে তবে হতাহত সম্পর্কে এখনই কিছু বলতে পারছেন না তারা।
এর আগে শুক্রবার মধ্য আফগানিস্তানে এক বোমা বিস্ফোরণে পাঁচ শিশুসহ এক ওলন্দাজ সেনা নিহত হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪২০ঘ.
bdnews24