গাজা, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- হানিয়া সরকারকে বিলুপ্ত ঘোষণা ও জরুরি অবস্থা জারির একদিন পর শুক্রবার সালাম ফাইয়াদকে ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি প্রেসিডেন্টের এ পদক্ষেপকে স্পষ্টভাবেই সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জতিসংঘ ও রাশিয়ার চতুর্পক্ষীয় মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগের সদস্যরা। আব্বাসকে সহায়তা করার কথা জানিয়েছে ইসরায়েলও।
সাবেক কূটনীতিবিদ ও হানিয়া সরকারের অর্থমন্ত্রী ফাইয়াদের নেতৃত্বে নতুন ফিলিস্তিনি সরকারকে সমর্থন যোগাতে নিষেধাজ্ঞা তুলে নিয়ে তহবিল সরবরাহ এবং দ্রুত ত্রাণ ও মানবিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলো।
এদিকে প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া হামাস নিয়ন্ত্রিত গাজায় আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি শুক্রবার আবারও জানিয়েছেন যে সরকার বিলুপ্তির ঘোষণা মেনে নেবেন না তিনি।
দামেস্কে বসবাসকারী হামাস নেতা খালেদ মেশাল বলেছেন গাজা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য হামাসের পদক্ষেপ সঠিক ছিল। একইসঙ্গে তিনি বলেছেন যে ফিলিস্তিনের জাতীয় স্বার্থে আরব উদ্যোগের হামাস ফাতাহ সংলাপের পথ এখনও খোলা রয়েছে।
একইদিনে সৌদি আরব বলেছে ফিলিস্তিনিদের জন্য মক্কা চুক্তিতে ফিরে আসা এবং তার পূর্ণ বাস্তবায়নই সবচেয়ে ভাল সমাধান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৪০ ঘ.
bdnews24