বাগদাদ, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বাগদাদের দক্ষিণে বৃহস্পতিবার বন্দুকধারীরা সুন্নিদের তিনটি মসজিদে হামলা চালিয়ে এগুলো পুড়িয়ে দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। বুধবার সামারায় শিয়াদের সোনা মসজিদে সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিদের হামলার পাল্টা প্রতিশোধ হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার শিয়াদের ওই মসজিদে হামলার পর রাজধানী বাগদাদসহ অন্যান্য শহরে সান্ধ্য আইন জারি করে কয়েক হাজার ইরাকি ও মার্কিন সেনা মোতায়েন করা হয়।
২০০৬ সালে ওই মসজিদে প্রথমবার হামলার পর ইরাকে গোষ্ঠীদাঙ্গা ছড়িয়ে পড়ে এবং কয়েক হাজার মানুষ নিহত হন। এরপর থেকে সংখ্যাগরিষ্ঠ শিয়া ও সংখ্যালঘিষ্ঠ সুন্নি গোষ্ঠী পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের পথে রয়েছে। বুধবারের হামলা দেশটিকে এ পথে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা বাগদাদের দক্ষিণে ইস্কান্দারিয়া শহরে সুন্নিদের দুটি মসজিদ আল-মুস্তফা ও হুতিন এবং নিকটস্থ মাহাবিলে আল-বশির মসজিদে বৃহস্পতিবার হামলা হয়। আগেরদিনই এ শহরে অবস্থিত সুন্নিদের সবচেয়ে বড় মসজিদে হামলা চালানো হয় শিয়াদের সোনা মসজিদে হামলার পাল্টা প্রতিশোধ হিসেবে।
এছাড়া বুধবার গভীর রাতে বাগদাদের কেন্দ্রস্থলে সুন্নিদের বড় একটি মসজিদে হামলার চেষ্টা চালায় বন্দুকধারীরা। এ সময় তারা ব্যাপক গুলিবর্ষণ করে বলে ওই এলাকার বাসিন্দারা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআরএস/১২৩২ ঘ.
bdnews24