গাজা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---গাজায় জাতিসংঘের ত্রাণ সংস্থার (ইউএনআরডব্লিউএ) দুই ফিলিস্তিনি কর্মী বুধবার গুলিতে নিহত হয়েছেন। হামাস-ফাতাহর মধ্যে প্রচণ্ড লড়াইয়ের কারণে জাতিসংঘ গাজায় বেশির ভাগ ত্রাণ কাজই বন্ধ করে দিচ্ছে।
ইউএনআরডব্লিউএ-র মুখপাত্র ক্রিসটোফার গানেস বলেছেন, মঙ্গলবার পেটে গুলিবিদ্ধ হওয়ার পর বুধবার এক জাতিসংঘ কর্মী মারা গেছেন। অন্য একজন কর্মী মারা গেছেন মাথায় গুলিবিদ্ধ হয়ে।
হামাস এবং ফাতাহর মধ্যে গত বছর থেকে লড়াই শুরুর পর গাজায় জাতিসংঘ কর্মী নিহতের ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন গানেস।
গানেস আরও বলেন, তারা ক্রসফায়ারে পড়েই নিহত হয়েছেন। তাদেরকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। কারণ তারা ছিলেন ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় নিয়োজিত জাতিসংঘ ত্রাণসংস্থার কর্মী।
এ ঘটনার পর ত্রাণ সংস্থার পক্ষে গাজায় ত্রাণকাজ বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন গানেস। তিনি জানান, ইউএনআরডব্লিউ সাময়িকভাবে সব ত্রাণ তৎপরতাই বন্ধ করে দিচ্ছে। তবে জরুরি প্রয়োজনের খাতিরে কেবল চিকিৎসা এবং খাদ্য সেবা চালু থাকছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫২ঘ.
bdnews24