নয়াদিল্লি, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ভারতের ক্ষমতাসীন জোট ও বিরোধী দলের মধ্যে একজন নতুন রাষ্ট্রপতির মনোনয়ন নিয়ে মতৈক্য না হলে আগামী মাসে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটিতে। ভারতের নির্বাচন কমিশন বুধবার একথা জানিয়েছে।
বর্তমান রাষ্ট্রপতি একজন সাবেক ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী এপিজে আবদুল কালামের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ জুলাই। তার সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় এবং তার বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্বের কারণে 'জনগণের রাষ্ট্রপতি' হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন কালাম।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রয়োজনে আগামী ১৯ জুলাই ওই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
ভারতের রাষ্ট্রপতির পদটি অনেকটা আনুষ্ঠানিক। রাষ্ট্রপতির দ্বারা স্বাক্ষরিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদের হাতেই সব নির্বাহী ক্ষমতা ন্যস্ত থাকে।
তবে বিশেষ অবস্থায় প্রধানমন্ত্রীর নিয়োগসহ অন্য কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করেন রাষ্ট্রপতি। যেমন, কোনো দলই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না পেলে তখন প্রধানমন্ত্রী নিয়োগের দায়িত্ব পান রাষ্ট্রপতি। পার্লামেন্টের কোনো বিল আইন আকারে পাস হওয়ার আগে রাষ্ট্রপতি ইচ্ছে করলে তা ফিরিয়ে দিতে পারেন।
ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ থাকলেও দেশটির প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ছাড়া আর কোনো রাষ্ট্রপতিই দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেননি এবং এটাই এখন প্রথা হয়ে দাঁড়িয়েছে।
কংগ্রেস দলের পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতি হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিলের নাম শোনা যাচ্ছে। অন্যদিকে বিজেপির সাবেক নেতা বর্তমান উপ-রাষ্ট্রপতি ভাইরন সিং সেকাওয়াত হতে পারেন বিরোধী দলীয় প্রার্থী।
ভারতীয় পার্লামেন্টের এমপিদের বিশেষ প্যানেল এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এসআরএস/১৭৪৮ ঘ.
bdnews24