২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে হামলা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করবে: মার্কিন সিনেট নেতা রিড

ইরানের ওপর হামলা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার সৃষ্টি করবে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট দলের নেতা হ্যারি রিড। সোমবার আরেক প্রভাবশালী সিনেটর ও হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান জোসেফ লিবারম্যানের ইরানে হামলা চালানোর আহ্বান প্রত্যাখান করে একথা বলেন রিড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 07:46 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ওয়াশিংটন, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের ওপর হামলা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার সৃষ্টি করবে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট দলের নেতা হ্যারি রিড। সোমবার আরেক প্রভাবশালী সিনেটর ও হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান জোসেফ লিবারম্যানের ইরানে হামলা চালানোর আহ্বান প্রত্যাখান করে একথা বলেন রিড। লিবারম্যান মার্কিন সেনাদের হত্যাকারী ইরাকি জঙ্গিদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহের জন্য অভিযুক্ত ইরানকে ঠেকাতে যুক্তরাষ্ট্রকে সামরিক শক্তি প্রয়োগের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু রিড সে আহ্বান প্রত্যাখান করে বলেন, ইরানের ওপর হামলা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার সৃষ্টি করবে। ইরান অবশ্য এ অভিযোগ বরাবরই নাচক করে এসেছে। রোববার সিবিএস টিভির 'মিট দি নেশন' অনুষ্ঠানে লিবারম্যান বলেন, যুক্তরাষ্ট্রের কাছে 'যথেষ্ঠ প্রমাণ' আছে যে এসব ইরাকি জঙ্গি ইরানের ভেতরে একটি শিবিরে বসে এসব অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিচ্ছে। তিনি পাল্টা প্রতিশোধ হিসেবে ইরানে হামলা চালানোর আহ্বান জানিয়ে বলেন, বিমান হামলা দেশটির জন্য কার্যকর হবে। এর উত্তরে নীতিনির্ধারণী পরামর্শদাতা প্রতিষ্ঠান সেন্টার ফর আমেরিকান প্রগ্রেসের এক ফোরামে সোমবার বক্তব্য রাখার পর রিড বলেন, "ইরানে হামলা হলে তা বিশ্বের ওই অংশকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে।" "জো (লিবারম্যান) কী বলেছেন আমি তা বুঝতে পেরেছি। কিন্তু আমি তার সঙ্গে একমত নই।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআরএস/১৩৩৬ ঘ.