কাবুল, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগান নেতা হামিদ কারজাই তালেবানদের রকেট হামলাকে ভয় করেন না। কারজাইয়ের সভাস্থল লক্ষ্য করে রোববার তালেবান জঙ্গিদের বেশ কয়েকটি রকেট হামলার পর প্রেসিডেন্টের মুখপাত্র খালেক আহমেদ সোমবার একথা বলেছেন। তিনি বলেন, তালেবানদের রকেট হামলার ভয়ে কারজাই তার ভ্রমণ পরিকল্পনা বাতিল করবেন না কিংবা নিরাপত্তা ব্যবস্থাও গুটিয়ে নেবেন না।
রোববার তালেবান রকেট হামলার সময় কারজাই রাজধানী কাবুলের দক্ষিণ পশ্চিমে আন্দার শহরের একটি সরকারি ভবনে ভাষণ দিচ্ছিলেন। বিদেশী সেনাদের কড়া নিরাপত্তা প্রহরা এড়িয়ে বেশ কয়েকটি রকেট সভাস্থলের অদূরে আঘাত হানলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং প্রেসিডেন্ট হামিদ কারজাই অক্ষত ছিলেন।
তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে। সরকার ও তালেবান মুখপাত্র একথা জানিয়েছেন।
সরকারি কর্মকর্তা এবং প্রতক্ষ্যদর্শীরা জানান, কারজাইয়ের সভাস্থলের বেশ কিছুটা দূরে একের পর এক বেশ কয়েকটি রকেট আঘাত হানতে থাকে। এসময় দর্শকশ্রোতারা হুড়োহুড়ি করে সভাস্থল ছেড়ে পালাতে চাইলেও প্রেসিডেন্ট কারজাই তাদের শান্ত হতে বলেন এবং বক্তৃতা চালিয়ে যান। পরে নিরাপত্তা রক্ষীদের পাহারায় তিনি সভাস্থল ত্যাগ করেন।
এ ঘটনার প্রতিক্রিয়ায় খালেক আহমেদ বলেন, "আফগানিস্তানের সব প্রদেশেই প্রেসিডেন্টের সফরের শিডিউল অপরিবর্তিত থাকবে। তার নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত রয়েছে এবং এতেও কোনো পরিবর্তন আনা হবে না। গোটা আফগানিস্তান জুড়ে সব প্রদেশেই যাবেন তিনি।"
গজনী প্রদেশের আন্দার শহরে সভাস্থলের আশপাশে কড়া নজরদারি এবং বিদেশী সেনাদের কয়েকটি হেলিকপ্টারের নিরাপত্তা টহলের মধ্যেই কারজাইয়ের ওপর হামলা হয় বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
তালেবান মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসূফ বলেছেন, তালেবানরা জানতো যে গজনী প্রদেশের আন্দার শহরের ওই সভায় প্রেসিডেন্ট হামিদ কারজাই উপস্থিত থাকবেন এবং তা জেনেই সেখানে ১২টি রকেট হামলা চালায় তারা।
এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, গজনীতে করাজাইয়ের এ সফর নিয়মিত সফর।
কারজাইকে হত্যার চেষ্টা এর আগেও দুবার চলানো হয়েছিল। সাধারণত যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত দেহরক্ষীদের সঙ্গে নিয়ে বিদেশী সেনাদের কড়া পাহারায় চলাফেরা করেন প্রেসিডেন্ট কারজাই।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৫০ঘ.
bdnews24