টোকিও, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাপান বিশ্বব্যাপী গুচ্ছবোমা নিষিদ্ধ করার পদক্ষেপে সমর্থন দেবে। কিন্তু তার আগে দেশগুলোকে বিকল্প অস্ত্রের ব্যবস্থা করার সময় দিতে এই নিষেধাজ্ঞা তড়িঘড়ি বাস্তবায়ন না করার পরামর্শও দেবে তারা। রাববার টোকিওর একটি দৈনিক পত্রিকা একথা জানিয়েছে।
পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণার ভিত্তিতে 'সাঙ্কেই শিমবুন পত্রিকা জানিয়েছে, এ মাস শেষে এবং নভেম্বরে জেনেভায় অনুষ্ঠিতব্য 'সার্টেইন কনভেনশনাল ওয়েপনস' (সিসিডব্লিউ) এর ১০০ দেশের বৈঠকে জাপান গুচ্ছবোমা নিষিদ্ধকরণ পদক্ষেপে পুরোপুরি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গুচ্ছবোমায় ব্যাপক প্রাণহানি ঘটার কারণে এই বোমার ব্যবহার নিন্দনীয় এবং এটি বন্ধ করা নিয়ে তর্কবিতর্ক বাড়ছে। কিন্তু গুচ্ছ বোমা প্রস্তুতকারক দেশগুলো এই বোমা ব্যবহার বন্ধের পদক্ষেপের বিরোধিতা করছে।
৭০ টির মতো দেশ মে মাসে ২০০৮ সালের মধ্যে গুচ্ছ বোমা ব্যবহার আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করার ঘোষণা দেওয়ার বিষয়টি সমর্থন করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন এতে সমর্থন দেয়নি। নিজেদের প্রতিরক্ষার কাজে এ ধরনের অস্ত্র প্রয়োজন দাবী করে জাপানও ওই প্রস্তাবের বিরোধিতা করে।
কিন্তু সাঙ্কেই শিমবুন বলছে, এখন জাপান ওই নিষেধাজ্ঞা প্রস্তাব সমর্থন করছে এবং তা বাস্তবায়ন প্রক্রিয়ায় অংশ নিতে চায়। তবে জাপান এই বোমার পরিবর্তে বিকল্প অস্ত্র বানানোর জন্য অন্য দেশগুলোকে সময়ও দিতে চায়।
পাশাপাশি গুচছ বোমা ব্যবহার বন্ধের ঘোষণাকে আরও বেশি কার্যকর করতে জাপান যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনকে এ ঘোষণায় শামিল হওয়ার জন্যও চাপ দেবে।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী ফুমিও কাইউমা গত মাসে বলেছেন, জাপান অন্য দেশকে আক্রমণ করতে কখনই গুচ্ছবোমা ব্যাহার করবে না। কিন্তু দেশে বহিশত্র"র আক্রমণ ঠেকানোর কথা চিন্তা করে জাপান গুচ্ছ বেমা মজুদ করে রাখছে বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ জেডি/এলকিউ/ ১৩১৭ঘ.
bdnews24