কুয়ালালামপুর, জুন ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাবি। শনিবার বাদাবি (৬৭) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় তার প্রশাসনিক বাসভবনের ব্যবস্থাপক জিনি আবদুল্লাহকে (৫৩) বিয়ে করেন বলে এক পারিবারিক বিবৃতিতে জানানো হয়। স্তন ক্যান্সারে আক্রান্ত প্রথম স্ত্রী এনডোন মাহমুদের মৃত্যুর দুই বছরেরও কম সময়ের মধ্যে তিনি দ্বিতীয়বার বিয়ে করলেন।
ওই অনুষ্ঠানটিতে শুধুই নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন। পরিবারের অনুরোধে প্রচারমাধ্যম বিয়ের অনুষ্ঠানের খবর প্রচারে বিরত থাকে।
পারিবারিক বিবৃতিতে বলা হয়, "প্রধানমন্ত্রী ও তার স্ত্রী তাদের বিয়েতে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন।"
বাদাবি দম্পতি প্রথমবার বিদেশ সফরে সোমবার ব্র"নাই যাচ্ছেন সেদেশের সুলতান হাসান আল বলকিয়ার মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে।
জিনি তালাকপ্রাপ্ত এবং দুই সন্তানের মা। বাদাবির প্রশাসনিক বাসভবনের ব্যবস্থাপক পদে দায়িত্ব নেওয়ার আগে জিনি মালয়েশিয়ার বেশ কয়েকটি হোটেল ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।
আবদুল্লাহর প্রথম স্ত্রী এনডোন মাহমুদ সরকারি প্রশাসনে তার সহকারী ছিলেন। তাদের ৪০ বছরের বিবাহিত জীবন শেষ হয় ক্যান্সারের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ শেষে ২০০৫ সালের ২০ অক্টোবর এনডোনের মৃত্যুর মধ্য দিয়ে। তাদের দুই সন্তান কামালউদ্দিন ও নূরী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআরএস/১৬২২ ঘ.
bdnews24