ম্যাসাচুসেটস, জুন ৮ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- হার্ভার্ড থেকে ছিটকে পড়েছিলেন তিনি। ডিগ্রি না নিয়েই বের হয়ে আসেন বুকে অন্য বিশাল কিছু করার স্বপ্ন নিয়ে। তারপর শৈশবের বন্ধুকে নিয়ে তার প্রতিষ্ঠা করা মাইক্রোসফট করপোরেশন এখন সাফল্যের এক কিংবদন্তি।
বিশ্বের শীর্ষ ধনী বিলস গেটসের সেই না--পাওয়াটুকু বৃহস্পতিবার পূরণ করেছে হার্ভার্ড। ব্যস্ততাকে পাশ কাটিয়ে তিনি পুরনো ক্যাম্পাসে ছুটে গিয়েছিলেন সম্মানসূচক ল' ডিগ্রি নিতে।
ডিগ্রি প্রদান করতে পেরে হার্ভার্ডই যেন খুুশিতে ঝলমল করছিল। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্টিভেন হাইমেন বলেন, "হার্ভার্ডের ১৯৭৭ সালের অন্যতম কীর্তিমান ছাত্রটিকে আমরা আজ স্বীকৃতি দিতে পেরেছি। হার্ভার্ড থেকে স্নাতক ডিগ্রি তার নেওয়া হয়নি। তাকে এই ডিগ্রি দেওয়ার এটাই উত্তম সময় বলে আমরা মনে করি।"
৫১ বছর বয়সী বিল গেটস অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, "ত্রিশ বছরেরও বেশি সময় ধরে আমি এর জন্য অপেক্ষা করেছি।" এরপর তিনি দর্শক সারিতে বসা বাবার দিকে তাকিয়ে বলেন, "বাবা, আমি সবসময়ই তোমাকে বলতাম, আমি হার্ভার্ডে আবার ফিরব এবং ডিগ্রি নেব।"
বিল গেটস এরপর মানবদরদি হিসেবে তার কাজ করার পরিকল্পনার কথা জানিয়ে বলেন, "আগামি বছর আমি চাকরি বদলাতে যাচ্ছি এবং এটি খুবই আনন্দের হবে যে তখন আমার বায়োডাটায় একটি ডিগ্রির উল্লেখ থাকবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরআই/এমএইচবি/১৯০৮ঘ.
bdnews24