কায়রো, জুন ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের সুন্নি ভাইস প্রেসিডেন্ট তারেক আল হাসেমি মিশর ও অনান্য আরব দেশগুলোকে বাগদাদে তাদের দূতাবাস পুনরায় খোলার আহবান জানিয়েছেন। আরব দেশ হিসেবে হুমকির সম্মুখীন ইরাকের পরিচিতি রক্ষার জন্য এ পদক্ষেপ নেওয়ার জন্য আহবান জানান তিনি।
মিশরের শারম আর শেখে লোহিত সাগর অবসরযাপন কেন্দ্রে বুধবার প্রেসিডেন্ট হোসনি মোবারকের সঙ্গে বৈঠক শেষে হাশেমি সাংবাদিকদের বলেন, "আরব দেশ হিসেবে ইরাকের পরিচিতি নিশ্চিত করার জন্যই বাগদাদে আরব দেশ এবং মিশরের প্রতিনিধিত্ব স্থায়ী এবং পূণার্ঙ্গ করাটা জরুরি, কারণ ইরাকের এই পরিচিতি হুমকির মুখে।"
তিনি আরও বলেন, "এই বিপদজনক পরিস্থিতি মোকাবেলার জন্য আরবদের একটি দায়িত্বশীল অবস্থান দরকার।"
এর আগে ইরাকের প্রতিবেশী আরব দেশগুলো নিয়ে ডিসেম্বরে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এক বিবৃতিতে প্রকাশ করা হয়েছিল, যাতে ইরাকে ইরানের প্রভাব ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়। এতে আরও বলা হয়, ইরাক ভেঙে যেতে পারে, অথবা আরব দেশ হিসেবে এর পরিচিতি হারাতে পারে।
মিশরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল ঘেইত বৈঠক শেষে বলেন, "কিছু বিদেশি এবং স্থানীয় দল তাদের রাজনৈতিক প্রভাব বিস্তার ও সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশের মাধ্যমে ইরাকের অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর প্রভাব বিস্তার করছে।"
আবুল গাইতের উল্লেখ করা 'সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ' কথাটি ইরানের প্রতি ইঙ্গিত করে। কারণ দক্ষিণ ইরাকের সঙ্গে ইরানের অনেকদিনের সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেডি/এসআরএস/১৩০৯ ঘ.
bdnews24