জার্মানি, ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জি-এইট সম্মেলনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভকারীদের সঙ্গে বুধবার পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ৮ জন আহত হয়। বিক্ষোভকারীরা সম্মেলনস্থলের প্রবেশ পথগুলো অবরোধ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পুলিশ জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। পাল্টা জবাবে বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে মারলে আহত হন প্রায় ৮ জন পুলিশ কর্মকতা। পুলিশ ১৫ জন বিক্ষোভকারীকে আটক করেছে বলে জানিয়েছে।
জি-এইট সম্মেলনস্থল বাদ ডোবেরানের বিলাস বহুল হোটেলে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশসহ অন্যান্য বিশ্ব নেতাদের প্রবেশে বিক্ষোভকারীরা বাধা দেওয়ার চেষ্টা চালায়। সম্মেলনে যোগ দিতে আসা এক প্রতিনিধি টেলিফোনে জানান, "আমরা এখানে আটকা পড়ে আছি। গোটা এলাকাই অচল হয়ে পড়েছে।"
বিক্ষোভের মুখে বাল্টিক শহর কুয়েলুংসবোর্ন পরিদর্শনের পরিকল্পনা বাদ দিতে বাধ্য হন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকিয়ে আবে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী একথা জানান।
বিক্ষোভকালে কুয়েলুংসবোর্ণ থেকে সাংবদিকদের আনা নেওয়ার কাজে নিয়োজিত একটি স্টীম ট্রেনও বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। পরে আয়োজকরা বিকল্প ব্যবস্থা হিসাবে নৌকায় করে উপকূল দিয়ে সাংবাদিকদের সম্মেলনস্থলে আনতে চেষ্টা করেন। কিন্তু বিক্ষোভকারীদের বাধার মুখে সে চষ্টাও পণ্ড হয়ে যায়।
প্রায় ১০ লাখ বিক্ষোভকারী বিক্ষোভ-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে জি-এইট সম্মেলনের প্রতিবাদ জানাতে রাস্তায় নামে। এ কারণে তাদের আটক হওয়ার ঝুঁকি ছিল বেশি।
বিক্ষোভ সামলাতে ওই এলাকায় প্রায় ১৬ হাজার পুলিশ মোতায়েন করা হেেয়ছে। সেইসঙ্গে বিশ্ব নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্মেলনস্থলে উঁচু কাঁটাতারের বেড়াও দেওয়া হয়েছে। তবে কেনো কোনো বিক্ষোভকারী ওই বেড়া ভাঙারও চেষ্টা নেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য জার্মান আদালত কয়েকজন বিক্ষোভকারীকে কারাদণ্ড দিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৪ঘ.
bdnews24