জার্মানি, জুন ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জার্মানিতে আয়োজিত জি-এইট সম্মেলনে গ্রিনহাউস গ্যাস নির্গমণ রোধে কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জেমস কনুটোন। তিনি এ ব্যাপারে বিশ্বের শক্তিধর দেশগুলোর একমত হওয়ার সম্ভাবনা নাকচ করেন। সম্মেলনে যোগ দিতে বিশ্ব নেতারা বুধবার বাল্টিক উপকূলে জড়ো হওয়ার সময় কনেুটোন ওই মন্তব্য করেন।
সম্মেলনের চেয়ারপার্সন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল আশা করছিলেন ২০৫০ সাল নাগাদ গ্রিনহাউস গ্যাস নির্গমণ অর্ধেকে নামিয়ে আনা এবং বিশ্বের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রায় যুক্তরাষ্ট্রে সমর্থন পাওয়ার।
কিন্তু মার্কেল এখন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন রোধের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থন লাভের চেষ্টা নেবেন এবং গ্রিনহাউস গ্যাস নির্গমণ রোধে চুক্তির দিকে পরে এগুবেন বলেই মনে করা হচ্ছে।
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ঊর্ধ্বতন মার্কিন জলবায়ু উপদেষ্টা কনেুটোন সাংবাদিকদের বলেছেন, "তারা বিশ্বের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রার বিরোধী।"
তিনি বলেন, "শুধু যুক্তরাষ্ট্রই নয় জাপান, রাশিয়া, কানাডা এবং অন্যান্য আরও দেশ যাদের সঙ্গেই এবিষয়টি নিয়ে কথা হয়েছে তারা কেউই নানাকারণে এই লক্ষ্যমাত্রা সমর্থন করছে না।"
কনুটোন বলেনস, "এ মুহূর্তে এই একটি ব্যাপারে আমরা এখনো মতৈক্যে পৌঁছতে পারিনি। "
অন্যদিকে, ফ্রান্সের পরিবেশ মন্ত্রী অ্যাঁলে জুপে বলেছেন, "জি-এইট ভুক্ত দেশগুলো মাসের পর মাস আলোচনার পরও জলবায়ু পরিবর্তন নিয়ে চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছতে পারছেনা। "
তিনি আরও বলেন, "তারা চুক্তির ধারেকাছেও পৌঁছতে পারেনি। কারণ, জার্মানি এবং ফ্রান্স এ ব্যাপারে এখনই অনেকখানি এগিয়ে যেতে চায়। কিয়োটো প্রটোকল পরবর্তী ধাপে মাঠ পর্যায়ের কাজ শুরু করতে চায় তারা।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩০ঘ.
bdnews24