গর্ভপাত আইন অসাংবিধানিক কিনা তা খতিয়ে দেখবে মেক্সিকোর সুপ্রিমকোর্ট
মেক্সিকো সিটিতে গর্ভপাতকে বৈধতা দিয়ে পাশ করা সাম্প্রতিক আইনটি অসাংবিধানিক কিনা তা খতিয়ে দেখবে দেশটির সুপ্রিমকোর্ট। দেশটির শীর্ষ মানবাধিকার কর্মকর্তা হোসে লুইস সোবেরানেসের আপিলের পরিপ্রেক্ষিতে আদালত এ বিষয়ে শুনানি করার সিদ্ধান্ত নিয়েছে। ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দেশটির সর্বোচ্চ আদালত মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছে।
এই আইনের তীব্র সমালোচনা করেছেন রোমান ক্যাথলিক চার্চ নেতারা, এমনকি খোদ পোপ ষোড়শ বেনেডিক্টও।
গত মাসে মেক্সিকো সিটির স্থানীয় পার্লামেন্ট গর্ভপাতকে বৈধতা দিয়ে আইন পাশ করে। এ আইনে কেবল গর্ভধারণের প্রথম ১২ সপ্তাহের মধ্যে গর্ভপাতকে বৈধতা দেওয়া হয়েছে।
এ আইন পাসের প্রক্রিয়া শুরুর পর থেকেই এর পক্ষে - বিপক্ষে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হতে থাকে। আইন পাশের পর এর সমর্থনে বামপন্থী রাজনৈতিক ও সমাজকর্মীরা দেশটিতে বিশাল সমাবেশ করে। একইভাবে আইন পাসের বিরুদ্ধে বড় বড় প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করে এর বিরোধীরা।
দেশটির শীর্ষ মানবাধিকার কর্মকর্তা হোসে লুইস সোবেরানেস গর্ভপাত আইনটিকে অসাংবিধানিক হিসেবে দাবি করে গত সপ্তাহে সুপ্রিমকোর্টে আপিল করেন। এর পরপরই সরকার নিযুক্ত অ্যাটর্নি জেনারেল এদুয়ার্দো মেদিনা মোরা শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, সুপ্রিমকোর্টের আগের দেওয়া রায়ই বলে দেয় যে এই আইনটি অসাংবিধানিক।
সোবেরানেসের উত্থাপিত আপিল গ্রহণ করে এ বিষয়ে আইনি বিতর্ক শুরু করার সিদ্ধান্ত নেয় আদালত।
গর্ভপাত আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করতে হলে সুপ্রিমকোর্টের ১১ জন ম্যাজিস্ট্রেটের মধ্যে কমপক্ষে আটজনের সমর্থন প্রয়োজন হবে।
সুপ্রিমকোর্টে উপস্থাপিত এই সোবেরানেসের আপিলটি ক্ষমতাসীন রক্ষণশীল প্রেসিডেন্ট ফিলিপ কালদেরনের ন্যাশনাল অ্যাকশন পার্টির সমর্থন পায়। কিন্তু এ আইন পাশের পক্ষে লড়াই করা বামপন্থীরা এজন্য সোবেরানেসের পদত্যাগ দাবি করে।
সম্প্রতি ব্রাজিল সফরে এসে পোপ বেনেডিক্ট বলেছিলেন, যেসব ক্যাথলিক রাজনীতিবিদ এ গর্ভপাত আইন সমর্থন করবে তারা খ্রীষ্টসমাজ থেকে বহিষ্কারের মতো ঝুঁকিতে পড়তে পারে এবং তাদের ‘প্রভুর ভোজ গ্রহণ করা উচিত নয়’।
ক্যাথলিক চার্চ বলেছে, গর্ভপাত মানুষকে খুন করার মতো একটি মারাত্মক পাপ।
