২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলেন বুশ

সুদানে মঙ্গলবার নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 May 2007, 08:15 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

পাশাপাশি এই পদক্ষেপ সমর্থনেরও চেষ্টা নেন তিনি। দারফুরে রক্তক্ষয়ী সহিংসতা বন্ধে সুদানের অস্বীকৃতিতে হতাশা থেকে নেয়া এ পদক্ষেপের পক্ষে বুশ বলেন, “দারফুরের লোকজন সাহায্যের জন্য আর্তনাদ করছে। তারা এই কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি রাখে।”

হোয়াইট হাউসে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বুশ ছয় সপ্তাহ আগে সুদানকে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে সতর্ক করে দেওয়ার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “আমার প্রশাসন দারফুরে নির্বিচার হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ বলেই গণ্য করে। আর তা বন্ধ করতে সাহায্য করার দায়িত্ব বিশ্বের রয়েছে।”

দারফুরে সংঘর্ষ বন্ধের জোর প্রচেষ্টায় জাতিসংঘ প্রস্তাবনা তৈরির আগেই বুশ সুদানে নিষেধাজ্ঞা কঠোর করলেন। তবে সুদানের বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তাবনা তৈরির ব্যাপারে বুশ কন্ডোলিজা রাইসকে ব্রিটেন ও অন্যান্য মিত্রদেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

বুশ বলেন, তার ঘোষিত নতুন নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘনকারী এবং শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টিকারী সুদান সরকার ও কর্মকর্তাদের ওপরই প্রয়োগ করা হবে। পাশাপাশি সুদান সরকারের কাছে অস্ত্র বিক্রিও নিষিদ্ধ থাকবে।

তিনি আরও বলেন, “এর ফলে সুদান সরকার দারফুরে কোনো সেনা অভিযান পরিচালনা করতে পারবে না। এ নিষেধাজ্ঞার ফলে আমরা আরও ভালোভাবে সুদানে নিয়মনীতির কোনোরকম লঙ্ঘন পর্যবেক্ষণ করতে পারব।”

খার্তুমকে নীতি পরিবর্তনে রাজি করাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতায় হতাশা প্রকাশ করে বুশ সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে দেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানান। দারফুরবাসীর উদ্দেশে অঙ্গীকার করে বুশ বলেন, “আমরা বিশ্বে হুমকি সৃষ্টিকারী কোনো সঙ্কট থেকে দৃষ্টি ফিরিয়ে নেব না।”

বিবৃতিতে বুশ সুদানের ৩১ টি কোম্পানি এবং ৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।

সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির গত কয়েক মাস ধরে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে তা বাধাগ্রস্ত করার নতুন নতুন পথ খুঁজতেই ব্যস্ত ছিলেন বলে অভিযোগ করেন বুশ।

নতুন এই নিষেধাজ্ঞার আওতায় ১৯৯৭ সালে আরোপিত নিষেধাজ্ঞাগুলোরই মেয়াদ বাড়ানো হচ্ছে। সুদান সরকার পরিচালিত কোম্পানীগুলোর ওপরই মূলত এ নিষেধাজ্ঞা আরোপ হবে।

অন্যদিকে, ব্যক্তিদের মধ্যে সুদান সরকারের চার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিদ্রোহী নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ হবে। এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা এ সম্পর্কে বলেছেন, “আমরা এই প্রথম জাতিসংঘের আগেই এ ধরনের কোনো পদক্ষেপ নিয়েছি।”

সুদান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছে। সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মুতরিফ সিদ্দিগ বলেছেন, “আমি এই নিষেধাজ্ঞাকে ন্যায়সঙ্গত মনে করি না। আর এটি সময়োপযোগীও না।”

সুদানের দারফুর প্রদেশে সরকার সমর্থিত জঙ্গি ও বিদ্রোহী দলগুলোর মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ২ লাখ লোক নিহত হয়েছে। গৃহহীন হয়েছে ২০ লাখেরও বেশি লোক। খার্তুম সরকার বলছে, সংঘর্ষে ৯ হাজার লোক নিহত হয়েছে।

দারফুরে সংঘর্ষ থামাতে প্রেসিডেন্ট ওমর আল বশিরের উদাসীনতায় ক্রমেই অধৈর্য হয়ে ওঠার পরিপ্রেক্ষিতেই বুশ এ পদক্ষেপ নিলেন।

বশির সুদানে জাতিসংঘ বাহিনী মোতায়েনের ঘোর বিরোধী। এর পরিবর্তে তিনি সুদানে আফ্রিকান ইউনিয়নের সেনা মোতায়েন করতে চান।

প্রেসিডেন্ট বশিরের সঙ্গে সুর মিলিয়ে সিদ্দিগও বলেছেন, “মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করে সুদানকে জাতিসংঘ বাহিনী মোতায়েনে রাজি করানো যাবে না। আর এ বাহিনী মোতায়েন নিয়ে কোনো আপোসরফার সম্ভাবনাও অবান্তর।”