পাকিস্তান সবসময়ই যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে: কাসুরি
আফগানিস্তানে সংঘর্ষের কারণেই পাকিস্তান যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়ে যাবে এবং সন্ত্রাস বিরোধী যুদ্ধে গুরুত্বপূর্ণ মিত্রদেশ হয়ে থাকবে। আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যিনিই জয়ী হোন-এর কোনো হেরফের ঘটবে না।
যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকার ব্যাপারে সোমবার এই আস্থা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুরশীদ মেহমুদ কাসুরি।
হামবুর্গে ইইউ-এশিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে কাসুরি বলেন, ইরাকে মার্কিন নীতি পরিবর্তন হলেও আমার মূল্যায়ন হচ্ছে, আফগানিস্তান আগামী মার্কিন প্রশাসনের কাছেও গুরুত্বপূর্ণ থাকবে।
তিনি আরও বলেন, আফগানিস্তানে পাকিস্তানের মৌলিক কিছু ভূমিকা পালন করার আছে। তাছাড়া, আফগানিস্তানের ভবিষ্যতের জন্যও পাকিস্তানের মৌলিক গুরুত্ব আছে।
বুশ প্রশাসন পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ মিত্র মনে করে এবং আফগানিস্তানে পশ্চিমাদের মিশনে পাকিস্তানের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে।
কিন্তু সম্প্রতি পাক-আফগান সীমান্তে ক্রমবর্ধমান তালেবান তৎপরতা নিয়ে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের বিরোধ এবং জঙ্গি দমনে প্রেসিডেন্ট মুশাররফ যথেষ্ট ব্যবস্থা নিচ্ছেন না-এমন অভিযোগের মুখে পাকিস্তানকে সমর্থন দেওয়ার বিষয়টি ভেবে দেখার পরামর্শ দিচ্ছে মার্কিন গণমাধ্যম এবং বিভিন্ন নীতি নির্ধারণী পরামর্শদাতা প্রতিষ্ঠান।
কিন্তু এ বিষয়টিকে মোটেও আমল দিচ্ছেন না কাসুরি। তিনি বলেন, “বিষয়টি যেমন শোনা যাচ্ছে আসলে এটি সেরকম কিছু নয়। মার্কিন ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দলই পরিস্থিতিটা বোঝে। সুতরাং আমি আসলেই এতে বিরক্ত নই।”
কাসুরি বলেন, “দু’দেশই তাদের স্বার্থের কারণেই একে অপরকে সহযোগিতা করার পদক্ষেপ নিয়েছে এবং আমি মনে করি এই প্রয়োজন কখনও ফুরিয়ে যাবে না।”
