বিবিসি সাংবাদিককে মুক্তির আহ্বান এক গুয়ানতানামো বন্দির
গাজায় অপহৃত বিবিসি সাংবাদিক অ্যালান জনস্টনকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন কিউবার গুয়ানতানামো মার্কিন বন্দিশিবিরে আটক এক ফটোসাংবাদিক।
তিনি বলেন, অবৈধভাবে মানুষকে আটক রাখার মার্কিন কৌশল মুসলিমদের অনুকরণ করা উচিত নয়।
সামি আল হাজ নামের ওই ক্যামেরাম্যান আল-জাজিরা স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্কে কাজ করতেন। ফিলিস্তিনিদের প্রতি এক খোলা চিঠিতে তিনি এ আহ্বান জানান।
সুদানি বংশোদ্ভুত সামি আল হাজ বলেন, “যুক্তরাষ্ট্র আমাকে অপহরণ করে বছরের পর বছর ধরে আটক রেখেছে। কিন্তু এটা মুসলিমদের জন্য অনুকরণীয় হতে পারে না।” তার আইনজীবী সোমবার এ চিঠি প্রকাশ করেন।
চিঠিতে তিনি লিখেছেন, “ আমেরিকানরা যা করছে তা মারাত্মক ভুল। কিন্তু তার অর্থ এই নয় যে, মুসলিমরাও একইভাবে একজন ব্রিটিশ সাংবাদিককে আটক করে তাকে এবং তার পরিবারকে মারাত্মক দুর্ভোগে ফেলবে।”
ফিলিস্তিনিদের তিনি বলেন, “একই ধর্মানুসারী ভাই হিসেবে আমার এ পরামর্শকে উপহার হিসেবে নিয়ে যতোদ্রুত সম্ভব অ্যান জনস্টনকে বিনাশর্তে মুক্তি দিন।”
আল-কায়েদা জঙ্গিদের সঙ্গে জড়িত সন্দেহে ৩৮ বছর বয়সী সামি আল হাজকে কয়েক বছর আগে আটক করে যুক্তরাষ্ট্র। ওসামা বিন লাদেনের ভিডিওচিত্র বানানোর বিষয়ে তাকে অভিযুক্ত করে আসছে যুক্তরাষ্ট্র।
