ইরাক প্রশ্নে ইরান-যুক্তরাষ্ট্র ‘ইতিবাচক’ আলোচনা
ইরাকি জঙ্গিদের সহায়তা দেওয়া বন্ধে বাগদাদে ইরান-যুক্তরাষ্ট্র ইতিবাচক আলোচনা হয়েছে বলে দেশ দুটি জানিয়েছে। গত ৩০ বছরে দুই দেশের মধ্যে সবচেয়ে উচ্চপর্যায়ের এই বৈঠক শেষে সোমবার কর্মকর্তারা একথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার ও তার ইরানি প্রতিপক্ষ হাসান কাজেমি-কওমি ইরাকি প্রধানমন্ত্রী নুরী আল-মালিকির কার্যালয়ে চার ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে উভয় পক্ষই একে ‘ইতিবাচক’ বলে আখ্যা দেন।
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও আলোচনায় আগ্রহী-বৈঠক শেষে কওমি এমনই ইঙ্গিত দেন। তিনি ওই বৈঠককে দুই পক্ষের মধ্যকার আলোচনার প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।
তিনি আরও বলেন, তেহরান আরও আলোচনার জন্য ইরাকের আমন্ত্রণ গ্রহণের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।
তবে মার্কিন দূত ক্রোকার বলেন, ইরাকি শিয়া জঙ্গিদের অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ নিয়ে ইরানের সাহায্যের ব্যাপারে প্রমাণ দিতে ওয়াশিংটন যতো না আগ্রহী, তার চেয়ে কম আগ্রহী তেহরানের সঙ্গে আরও আলোচনা করতে।
তিনি অবশ্য জানান, এ ব্যাপারে ওয়াশিংটন কোনো প্রমাণ হাজির করেনি। যদিও মার্কিন সেনাবাহিনী এর আগে বেশ কয়েকবার ইরাকি জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা ইরানের তৈরি রকেট, মর্টার ও রাস্তার পাশে পুতে রাখার জন্য বোমার প্রদর্শনী করেছে। এসব অস্ত্রের আঘাতে অসংখ্য মার্কিন সেনা নিহত হয়েছে বলে তারা অভিযোগ করে থাকে।
ক্রোকার বলেন, “আমরা ইরানের বিরুদ্ধে আইনী লড়াই করার জন্য এগুলোর প্রদর্শনী করিনি। আমরা ধরেই নিয়েছি যে ইরান জানে তারা কী করছে। আমাদের উদ্দেশ্য ছিল সেটা তাদের জানিয়ে দেওয়া। আমরা বলতে চেয়েছি যে এটা ইরাক ও পুরো অঞ্চলের জন্য খুবই ভয়ঙ্কর।”
এর আগে তিনি ইরানের সঙ্গে বৈঠককে ইতিবাচক বলে বর্ণনা করেন। তিনি বলেন, “আলোচনা ইতিবাচকভাবেই এগিয়েছে। এখন আমাদের দেখা দরকার ইরান মাঠ পর্যায়ে কি ব্যবস্থা নেয়।”
কয়েক ঘণ্টা পর আলাদা আরেকটি সংবাদ সম্মেলনে ইরানি দূত কওমিও বলেন, আলোচনা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমি মনে করি এটা ইতিবাচক পদক্ষেপ... রাজনৈতিক ক্ষেত্রে দুই পক্ষ ইরাকি সরকারকে সহায়তা ও শক্তিশালী করতে একমত হয়েছে, যা ওই বৈঠক থেকে অর্জিত ইতিবাচক পদক্ষেপগুলোর একটি।”
ইরাকি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহায়তা করতে তেহরান রাজি হয়েছে বলেও তিনি জানান।
বাগদাদের ওই বৈঠককে দেখা হচ্ছে ইরান সম্পর্কিত মার্কিন নীতিতে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে। ১৯৮০ সালে ইরানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন।
