‘জলবায়ু পরিবর্তন বিলের ব্যয়ভার ধনী দেশগুলোকেই বহন করতে হবে’
জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাব মোকাবেলায় অতিরিক্ত ব্যয়ভার বিশ্বের ধনী দেশগুলোকেই বহন করতে হবে। যেসব উন্নত দেশ জলবায়ু পরিবর্তনের জন্য বেশি দায়ি, তাদেরই জলবায়ু পরিবর্তন বিলের বার্ষিক পাঁচ হাজার কোটি ডলারের বেশিরভাগের যোগান দিতে হবে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থা অ´ফাম মঙ্গলবার এ আহ্বান জানিয়েছে।
অক্সফাম জলবায়ু পরিবর্তনের মূল কারণ কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণের হার হিসেব করে নিঃসরণ হার অনুযায়ী উন্নত দেশগুলোর ব্যয়ভার বহন করার একটি সূচক প্রস্তাব করেছে। এ সূচক অনুসারে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী হিসেবে যুক্তরাষ্ট্রকে একাই এ বার্ষিক পাঁচ হাজার কোটি ডলারের ৪৪ শতাংশ বহন করতে হবে। জার্মানিতে আগামী মাসের শুরুতে অনুষ্ঠিতব্য জি-এইট সম্মেলনে উন্নত দেশগুলোর কাছে এ প্রস্তাবনা উপস্থাপন করবে সংস্থাটি।
“জার্মানির এ সম্মেলনে জি এইট দেশগুলোকে দুটো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। একটি হলো, এ শতাব্দীতে বৈশ্বিক উষ্ণতাকে দুই ডিগ্রী সেলসিয়াসে সীমিত করার মধ্য দিয়ে ক্ষতিকর প্রভাব কমানোর চেষ্টা করা; আরেকটি হলো. এ অবস্থার সঙ্গে গরিবদেরকে খাপ খাইয়ে নিতে সাহায্য করা,” অক্সফামের গবেষক কেট রাওয়ার্থ বলেন।
তিনি আরও বলেন, “উন্নত দেশগুলোর নিঃসরণের প্রভাব মোকাবেলা করতে জলবায়ু পরিবর্তন বিলের ব্যয়ভার বহন করা উন্নয়নশীল দেশগুলোর পক্ষে সম্ভব নয় এবং তা আশা করাও উচিৎ নয়।”
জি-এইটের এবারের সম্মেলনের মূল আলোচ্যসূচিও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা। কিন্তু যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই গ্রুপটির বর্তমান সভাপতি জার্মানির এ বিষয়ক প্রস্তাবনাকে অত্যন্ত কড়া সমালোচনা করে নাকচ করে দিয়েছে।
জার্মানি চাইছে জুনের ৬-৮ তারিখের অনুষ্ঠেয় ওই সম্মেলনে জি-এইট সদস্যদের পাশাপাশি ভারত, চীন, ব্রাজিল, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার নেতারা জলবায়ু পরিবর্তন মোকাবেলার লক্ষ্যমাত্রা পূরণে কাজ করতে একমত হোক। তাদের প্রস্তাবিত লক্ষ্যমাত্রা হলো, এ শতাব্দীতে তাপমাত্রার বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখা এবং ১৯৯০ সালের হার থেকে ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণের হার ৫০ ভাগে কমিয়ে আনা।
অক্সফামের প্রস্তাবিত সূচক অনুযায়ী জলবায়ু পরিবর্তন বিলের ৪৪ শতাংশ ব্যয়ভার বহন করতে হবে যুক্তরাষ্ট্রকে। এছাড়া জাপানকে ১৩ শতাংশ, জার্মানিকে সাত, ব্রিটেনকে পাঁচ শতাংশের কিছু বেশি বহন করতে হবে। ইতালি, ফ্রান্স ও কানাডাকে বহন করতে হবে চার থেকে পাঁচ শতাংশের কাছাকাছি এবং স্পেন, অস্ট্রেলিয়া ও কোরিয়াকে তিন শতাংশ বহন করতে হবে।
