টোকিও, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টাস)--- জাপানে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া কৃষি মন্ত্রী তোসিকাতসু মাতসুওকা সোমবার আত্মহত্যা করেছেন। এ ঘটনায় ইতোমধ্যেই সমস্যার মুখে থাকা জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নতুন করে বিপাকে পড়লেন।
জাপানি পার্লামেন্টের উচ্চকক্ষে জুলাইয়ের নির্বাচনের আগে এ ঘটনা ঘটল। এই নির্বাচন আবের ক্ষমতাসীন কোয়ালিশনের জন্য প্রথম একটি বড় ধরনের পরীক্ষা। আবের জনসমর্থন ইতোমধ্যেই অনেকটা কমে এসেছে। এর মধ্যে তারই মন্ত্রীসভার কৃষিমন্ত্রী মাতসুওকার আত্মহত্যা সমস্যায় আরেকটি নতুন মাত্রা যোগ করল।
রাজনৈতিক তহবিল সংক্রান্ত কয়েকটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে সমালোচনার মুখে থাকা কৃষিমন্ত্রী মাতসুওকাকে সোমবার টোকিওয় আইপ্রণেতাদের আবাসিক ভবনে অচেতন অবস্থায় পাওয়া যায়। মন্ত্রীসভার মূখ্য সচিব ইসুহিসা শিওজাকি সাংবাদিকদের একথা জানান।
গণমাধ্যমে বলা হয়েছে, মাতসুওকা তার ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে হাসপাতালে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, "এ ঘটনার মারাত্মক রাজনৈতিক প্রভাব পড়বে। কিন্তু এটি কতদূর পর্যন্ত গড়াবে এ মুহূর্তেই তা বলা যাচ্ছে না।"
স্থানীয় গণমাধ্যম মাতসুওকার বিরুদ্ধে রাজনৈতিক তহবিল সংক্রান্ত দুটি কেলেঙ্কারির অভিযোগ তুলে ধরেছে। এর মধ্যে পার্লামেন্টের কাছে নিজ কার্যালয়ের জন্য মাত্রাতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগ রয়েছে।
এর আগে গত সপ্তাহে গণমাধ্যমে এমন প্রতিবেদনও বেরিয়েছিল যে, মাতসুওকা ব্যবসায়ীদের কাছ থেকে রাজনৈতিক ডোনেশনও নিয়েছিলেন। তবে মাতসুওকা এ ধরনের কোনো কিছু করার কথা অস্বীকার করেছিলেন।
প্রধানমন্ত্রী আবের জনসমর্থন কমতে থাকার এই সময়ে মাতসুওকার আত্মহত্যার ঘটনায় জুলাইয়ের নির্বাচনে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা হারানোর সম্ভাবনা বাড়ল।
এ সপ্তাহে দ্য মাইনিচি পত্রিকা পরিচালিত জরিপে দেখা গেছে, গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মাত্র ৩২ শতাংশ ভোটার তাকে সমর্থন করেছেন। এ হার এপ্রিলের তুলনায় ১১ পয়েন্ট কম।
জরিপে আরও দেখা যায়, ভোটারদের ৪২ শতাংশই প্রধান জুলাইয়ের নির্বাচনে বিরোধীদলীয় ডেমোক্রেটিক পার্টিরই জয় চায়। আর মাত্র ৩৩ শতাংশ ভোটার আবের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে চায়।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে দেখা করার পর আবের জনসমর্থন বেড়েছে- এক গণমাধ্যম পরিচালিত জরিপে এ তথ্য বেরিয়ে আসার এক মাস পর থেকেই আবের জনপ্রিয়তায় ধ্বস নামতে শুরু করে। এছাড়া পেনসন পদ্ধতি নিয়ে জটিলতার কারণেও আবে প্রশাসন সমালোচনার মুখে রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এলকিউ/১৬৩০ঘ.
bdnews24