কাঠমন্ডু, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টাস)- নেপালের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি জাতিসংঘ শিবিরে রোববার পুলিশ ও শরণার্থীদের মধ্যে সংঘর্ষে ১৬ বছর রয়সী এক শরণার্থী নিহত এবং প্রায় ১২ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় বেতার একথা জানিয়েছে।
নেপাল বেতার আরও জানায়, ঝাপা জেলার বেলদাঙ্গি শিবিরে পুলিশ শরণার্থীদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যকার বিরোধ মেটাতে গেলে এই সংঘর্ষ ঘটে। শরণার্থীরা পুলিশকে আক্রমণ করলে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। ঝাপার অবস্থান কাঠমান্ডু থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
বিস্তারিত কোনো তথ্য না দিয়ে বেতার আরও জানায়,"পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে ১৬ বছর রয়সী নারাপাতি ধুঙ্গেল নিহত হন।"
প্রায় ১৬ বছর আগে ভুটান থেকে পালিয়ে আসা ১লাখ ৬ হাজারেরও বেশী এসব নেপালি আদিবাসী শরণার্থীরা জাতিসংঘ পরিচালিত ৭টি শিবিরে বাস করছে। এসব শরণার্থী বহুদিন থেকে গণতান্ত্রিক অধিকার এবং মানবাধিকার দেওয়ার দাবি জানিয়ে আসছে।
চলতি মাসগুলোতে যুক্তরাষ্ট্র এদের মধ্যে কয়েক হাজার শরণার্থীকে পুনর্বাসনের প্রস্তাব করলে, কারা য়ুক্তরাষ্ট্রে পুনর্বাসনের জন্য যাবে আর কারা দেশে ফেরত যাবে এ নিয়ে শরণার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/জেডি/এলকিউ/০১২৪ঘ.
bdnews24