২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে সংঘর্ষ অবসানের পথ খুঁজছেন ফিলিস্তিনি নেতারা

শরণার্থী শিবিরে লেবানিজ সেনা ও ফাতাহ আল ইসলাম জঙ্গিদের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ অবসানের পথ খুঁজছেন ফিলিস্তিনি নেতারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 May 2007, 06:30 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

লেবানন সরকার রোববার ফাতাহ আল-ইসলাম জঙ্গিদের বিচারের জন্য হস্তান্তরের দাবি জানিয়েছে। ফিলিস্তিনি শরণার্থী শিবিরের কাছাকাছি সেনা ফাঁড়িতে হামলা চালিয়ে সংঘর্ষ উস্কে দেওয়ার জন্য লেবানন সরকার এই দলকেই দায়ী করেছে।

রোববার ফাতাহ আল ইসলামের সঙ্গে জঙ্গি হস্তান্তরের বিষয়টিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য প্রধান ফিলিস্তিনি দলগুলোকে সময় দিয়েছে লেবানন সরকার ।

কিন্তু ফিলিস্তিনি দল ইসলামিক জিহাদের লেবানন প্রতিনিধি আবু এমাদ আল-রেফাই বলেছেন, ফাতাহ আল ইসলামের সঙ্গে লেবানিজ সেনাদের সংঘর্ষ কিভাবে শান্তিপূর্ণভাবে সমাধান করা যাবে সে ব্যাপারে ফিলিস্তিনি দলগুলো এখনও মতৈক্যে পৌঁছায়নি।

তিনি রয়টার্সকে বলেন, “এ সিদ্ধান্তে আসতে আরও আলোচনার প্রয়োজন পড়বে।” তিনি আরও বলেন, “আমরা জঙ্গি হস্তান্তরের বিষয়টি নিয়ে এখনও আলোচনা করিনি।”

রাফাই জানান, “ফিলিস্তিনি দলগুলো অন্যান্য কয়েকটি ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে। এর মধ্যে শরণার্থী শিবিরে নিরাপত্তা বাড়াতে ফিলিস্তিনি কমিটি গঠন অন্যতম।” হামাসের লেবানন প্রতিনিধি ওসামা হামদান আলোচনার অগ্রগতি সম্পর্কে কিছু বলতে রাজি নন বলেও জানান তিনি।

এদিকে, ফাতাহ আল-ইসলামের মুখপাত্র আবু সেলিম তাহা বলেছেন, তার দল জঙ্গিদের বিচারের জন্য লেবানন সরকারের হাতে হস্তান্তর করবে না। এটি অসম্ভব। শরণার্থী শিবির থেকে টেলিফোনে তাহা একথা জানান।

উল্লেখ্য, ফাতাহ আল ইসলামের সঙ্গে ফিলিস্তিনি দলগুলোর কোনো সরাসরি যোগাযোগ নেই। তবে তারা আপাতত ধর্মীয় নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চালাচ্ছে। তাহা বলেন, “মধ্যস্থতার প্রক্রিয়া চলছে। যুক্তিযুক্ত কিছু প্রস্তাবও আছে। এখন কি হয় আমরা তা দেখব।”

লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, ফাতাহ আল ইসলামের জঙ্গিদের মধ্যে রয়েছে সৌদি আরব, আলজেরিয়া, তিউনিসিয়া, সিরিয়া এবং লেবাননের জঙ্গিরা।