ইরাকি মিলিশিয়াদের সহায়তা বন্ধে ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান
বাগদাদে সোমবার ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকে ইরাকি মিলিশিয়াদের সহায়তা দেওয়া বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার বৈঠকের আলোচনাকে ইতিবাচক বলে বর্ণনা করেন।
তবে তিনি তেহরানের প্রতি ইরাকি মিলিশিয়াদের অস্ত্র ও প্রশিক্ষণ সহায়তা দেওয়া বন্ধের আহ্বান জানান। ক্রোকার বলেন, “আলোচনা ইতিবাচকভাবেই এগিয়েছে। এখন আমাদের দেখা দরকার ইরান মাঠ পর্যায়ে কি ব্যবস্থা নেয়।”
এক সংবাদ সম্মেলনে ক্রোকার বলেন, “আমি ইরাকে ইরানের আচরণের বিষয়টি সরাসরি এবং সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি। আর তা হল, ইরাকি মিলিশিয়াদের সাহায্য-সহযোগিতা করে যাওয়া-যারা ইরাকি নিরাপত্তা বাহিনী এবং কোয়ালিশন বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।”
তিনি আরও বলেন, “বাস্তবতা হচ্ছে, ওই দলগুলো যে প্রচুর পরিমাণ বিস্ফোরক ও গোলাবারুদ ব্যবহার করছে তা ইরান থেকে আসছে।” তিনি জানান, “ইরান একথার জবাবে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে ইরান তাদের নীতি ইরাক সরকারের সমর্থনেই পরিচালিত হচ্ছে বলে দাবি করেছে।”
পরে রাষ্ট্রীয় টেলিভিশনে বাগদাদের ইরানি রাষ্ট্রদূত হাসান কাজেমি কওমি এক মন্তব্যে বলেন, “ইরানও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল বৈঠকে ইতিবাচক পদক্ষেপের দেখা পেয়েছে।” কওমি বৈঠকে ইরান পক্ষের আলোচনার নেতৃত্ব দেন।
কওমি আরও বলেন, “বৈঠকে কিছু সমস্যা তুলে ধরে তা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। একেই আমি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছি। রাজনৈতিক অঙ্গনে দুপক্ষই ইরাক সরকারের প্রতি সমর্থন জোরদারে একমত হয়েছে। এটিও বৈঠকের আরেকটি ইতিবাচক দিক।”
ইরাকে সহিংসতা-বিক্ষুব্ধ পরিস্থিতি নিয়ে প্রায় তিন দশকের মধ্যে এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ইরান ইরাকে সহিংসতা উস্কে দিচ্ছে-যুক্তরাষ্ট্রের এই অভিযোগের মাঝেই সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র ইরাকে আটক করা রকেট, মর্টার এবং রাস্তার ধারে পাতার শক্তিশালী বোমা ইরানের তৈরি বলে অভিযোগ করলেও তেহরান বরাবরই তা অস্বীকার করে আসছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য-পদমর্যাদার কর্মকর্তারা এর আগেও মাঝে মাঝে বৈঠক করেছেন। কিন্তু সোমবারের বৈঠকটি ১৯৮০র দশকের পর দুপক্ষে প্রথম দীর্ঘপ্রতিক্ষীত দ্বিপক্ষীয় বৈঠক। ১৯৮০ সালে ইরানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন।
পরমাণু কর্মসূচি নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজ করছে টান টান উত্তেজনা। উপরন্তু সম্প্রতি ইরান উপকূলে মার্কিন নৌ-মহড়া এবং ইরানে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের কয়েকটি গোপন গোয়েন্দা নেটওয়ার্কের সন্ধান পাওয়ার তেহরানের অভিযোগ নিয়েও নতুন করে উত্তেজনার মধ্যেও দুপক্ষ এ বৈঠক করল।
ক্রোকার বলেন, আগামীতে দুপক্ষের মধ্যে আবারও আরেকটি বৈঠকের কোনো দিনক্ষণ নির্ধারণ ছাড়াই বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বৈঠকে কর্মকর্তারা মূলত ইরাক নিয়েই আলোচনা করেছেন। ইরাক আলোচনায় প্রাধান্য পায় শিয়া ও সুন্নিদের মধ্যকার দাঙ্গা-সহিংসতার বিষয়টি। এই দাঙ্গা বেড়ে ইরাকে পুরোদস্তুর গৃহযুদ্ধ শুরুর হুমকি সৃষ্টি হয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার এবং ইরানের রাষ্ট্রদূত হাসান কাজেমি-কোমি গ্রীণজোনে ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকির বাসভবনে সাক্ষাৎ করেন। টেবিলে আলোচনায় বসার আগে করমর্দন করেন দুজনই। শুরুতে মালিকিও বৈঠকে উপস্থিত ছিলেন।
ইরান ও মার্কিন কর্মকর্তাদের তিনি বলেন, ইরাক প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাতে দেওয়ার জন্য ইরাকের ভূমি ব্যবহার করতে দেবে না। এর মধ্য দিয়ে তিনি ইরাকে ইরানি হস্তক্ষেপের ব্যাপারে যুক্তরাষ্ট্রের আশঙ্কা দূর করার চেষ্টা নেন।
মালিকি আরও বলেন, ইরাকের নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ শেষ না হওয়াপর্যন্ত মার্কিন সেনারা ইরাকে থাকবে। কিন্তু ইরান বরাবরই ইরাক থেকে মার্কিন সেনা সরানোর আহ্বান জানিয়ে আসছে। মালিকি বলেন, ইরাকিরা আঞ্চলিক হস্তক্ষেপ মুক্ত দেশ চায়।
