২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে নিরাপত্তা জোট গঠন প্রশ্নে অস্ট্রেলিয়ার সতর্ক প্রতিক্রিয়া

অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের তিনজাতি নিরাপত্তা জোটের বার্ষিক বৈঠকে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন ওঠার পর এ ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ক্যানবেরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 01:41 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

চীনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে ভারত ওই জোটে শামিল হতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। চারটি দেশের কর্মকর্তারা সম্প্রতি চারদেশীয় একটি জোট গঠন প্রশ্নে অজ্ঞাত স্থানে অনানুষ্ঠানিক আলোচনা করেন। তবে অস্ট্রেলিয়ার এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার বলেন, ওই বৈঠকে বেইজিঙের পক্ষ থেকে ক্রমবর্ধমান নিরপত্তার হুমকি মোকাবেলায় নতুন কোনো নিরাপত্তা জোট গঠন প্রশ্নে আলোচনা হয়নি।

অস্ট্রেলিয়ার কর্মকর্তারা বৈঠকস্থলের নাম প্রকাশেও অস্বীকৃতি জানান।

এ বছরের প্রথমার্ধে জাপান ও অস্ট্রেলিয়া নিরাপত্তা জোরদার করতে একটি চুক্তি স্বাক্ষক্ষর প্রশ্নে একমত হওয়ার পর এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে চীন। অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতা ও গোয়েন্দা তথ্য আদানপ্রদান নিয়ে প্রশ্ন তোলে তারা। চীনের অভিযোগ, কৌশলগত দিক থেকে বেইজিঙের কাছাকাছি অবস্থান নেওয়ার চেষ্টায় দেশ চারটি এ ধরনের তৎপরতা চলাচ্ছে।

তবে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডাউনার এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভারতকে নিয়ে চারজাতি নিরাপত্তা জোট গঠনের উদ্দেশ্য তাদের নেই।

অনানুষ্ঠানিক বৈঠক প্রশ্নে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তরের আন্তর্জাতিক নিরাপত্তা বিভাগের প্রধান জেনিফার রওসন বলেন, “এটা চারদেশীয় নিরাপত্তা জোট হচ্ছে না। বৈঠকে চারটি দেশ নিজেদের মতামত প্রকাশ করার পাশাপাশি এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো নিয়ে আলোচনা করেছে। তবে বৈঠকটি অবশ্যই নিরাপত্তা বিষয়ক ছিল না।”

তিনি জানান, আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতা নিয়ে তাদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে যা ‘স্বাভাবিক পরিস্থিতিতে সহযোগিতার’ ভিত্তির ওপরই প্রতিষ্ঠিত।

অথচ এর আগে জাপান সরকার ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক গুরুত্বের কথা বিবেচনা করে ক্যানবেরার সঙ্গে তথাকথিত ‘তিনজাতি’ নিরাপত্তা আলোচনা সম্প্রসারিত করার পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সফরকালে প্রতিপক্ষ জন হাওয়ার্ডের সঙ্গে আলোচনা করেছেন চেনি। এরপর মার্চে টোকিওতে হাওয়ার্ডের সফরকালে একই বিষয় নিয়ে আলোচনা করেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। ওই সময় দেশ দুটি নতুন একটি সামরিক চুক্তিতে স্বাক্ষর করে।