উপসাগরে মার্কিন নৌ-মহড়া নতুন কিছু নয়: ইরান
উপসাগরে মার্কিন রণতরীর মহড়াকে নতুন কিছু নয় বলে উড়িয়ে দিয়ে ইরান বলেছে, মার্কিন সেনাদের মনোবল বাড়াতেই এ মহড়া চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের দোরগোড়ায় রণতরীর মহড়া শুরুর প্রতিক্রিয়ায় তেহরান একথা জানাল। ২০০৩ সালে ইরাক আগ্রাসনের পর ইরান উপকূলে এটিই যুক্তরাষ্ট্রের সবচে বড় নৌ-মহড়া।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহম্মদ আলী হুসেইনি সাপ্তাহিক এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, “উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের এই আনাগোনা নতুন কিছু নয়। মার্কিন সেনাদের মনোবল এবং লড়াইয়ের স্পৃহা বাড়ানোই এর উদ্দেশ্য বলে মনে হচ্ছে।”
সম্প্রতিক মাসগুলোতে বিতর্কিত পরমাণু কর্মসূচি এবং ইরাকে সহিংসতা নিয়ে তেহরান-ওয়াশিংটন উত্তেজনা বাড়ছে। এর মধ্যে ইরান উপকূলে বড় ধরনের মার্কিন যুদ্ধজাহাজ সমাবেশ তেহরানের জন্য বাড়তি চাপ বলেই মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মহড়ায় দুটো পরমাণু শক্তি চালিত বিমানবাহী জাহাজও রয়েছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে এই মহড়া আগামী দু’সপ্তাহ ধরে চলবে। ১৭ হাজার নৌ-সেনা কর্মকর্তাসহ ১৪০ টি বিমানবাহী কয়েকটি যুদ্ধজাহাজ এই মহড়ায় অংশ নিচ্ছে।
ইরানও প্রায়ই উপসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এ বছরের শুরুতে ইরান যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তা দিয়ে বড় বড় যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া সম্ভব।
ইরাকের নিরাপত্তা নিয়ে সোমবার ইরান ও মার্কিন কর্মকর্তাদের বৈঠকে বসার কথা রয়েছে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর শত্রুকে পরিণত হওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ ধরনের বৈঠক বিরল।
ইরাকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। ইরান এ অভিযোগ অস্বীকার করেছে। তাছাড়া পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে-যুক্তরাষ্ট্রের এ অভিযোগও তেহরান বরাবরই অস্বীকার করে আসছে।
