করাচিতে নিষিদ্ধ ইমরান খান, বেরোতে পারবেন না লাহোর থেকেও
পাকিস্তানের রাজনীতিবিদ ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খানকে এক মাসের জন্য করাচিতে নিষিদ্ধ ঘোষণা করেছে সিন্ধু প্রদেশের সরকার। একইসঙ্গে রোববার নিজ শহর লাহোর থেকে ইমরানের বাইরে বেরোনোও নিষিদ্ধ করেছে পাঞ্জাবের প্রাদেশিক সরকার।
করাচিতে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার জন্য ‘মুত্তাহিদা কওমী মুভমেন্ট’ (এমকিউএম)-এর নেতা আলতাফ হোসেইনকে দায়ী করে তাকে ‘সন্ত্রাসবাদী’ বলায় ইমরানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করে এমকিউএম। এর সূত্র ধরেই করাচিতে ৩০ দিনের জন্য ইমরানের প্রবেশ নিষিদ্ধ করল সিন্ধু সরকার।
করাচির পুলিশ প্রধান আজহার ফারুকি বলেছেন, “সিন্ধু প্রদেশের কোয়ালিশন সরকারের অন্যতম শরীক দল সম্পর্কে তার মন্তব্য এবং দলীয় কর্মীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ফারুকি বলেন, “ তিনি এখানে সফরে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এ আশঙ্কায় তাকে এখানে থাকতে দেবো না আমরা।”
মুত্তাহিদা কওমী মুভমেন্ট সিন্ধু প্রদেশের কোয়ালিশন সরকারের অন্যতম শরীক দল। তেমনি পারভেজ মুশাররফের কেন্দ্রীয় কোয়ালিশনেরও শরীক তারা। ইমরানের মন্তব্যে ক্ষুব্ধ এমকিউএম কর্মীরা করাচিতে ব্যাপক বিক্ষোভ করে এবং সেখানে তাকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানায়।
সম্প্রতি একটি টেলিভিশন টক শো’তে এমকিউএম এর প্রতিষ্ঠাতা আলতাফ হোসেইনকে ‘সন্ত্রাসবাদী’ বলেছিলেন ইমরান খান। পাকিস্তানের বরখাস্ত প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীর সফরকে কেন্দ্র করে করাচিতে ওই সহিংসতায় প্রায় ৪০ জন নিহত হন, আহত হন দুই শতাধিক মানুষ।
তেহরিক ই ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খান এ নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলে এর তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, আলতাফ হোসেইনের বিরুদ্ধে লন্ডনে মামলা করার ব্যাপারে তিনি যে হুমকি দিয়েছেন তার প্রতিক্রিয়ায় এটি করে থাকতে পারে তারা।
তিনি বলেন, “এটা এমকিউএম এর ফ্যাসিবাদী কৌশল। তারা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে।”
