২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে আরও অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন উদ্বাস্তু ক্যাস্পে লুকিয়ে থাকা সশস্ত্র ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার জন্য শনিবার লেবাননকে আরও অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। জঙ্গি ফাতাহ আল--ইসলাম অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র লেবাননে স্নায়ু গ্যাস ও গুচ্ছবোমাসহ অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 09:27 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

ফাতাহ আল--ইসলামের মুখপাত্র আবু সালিম তাহা এক বিবৃতিতে বলেন, তারা আমাদের বিরুদ্ধে আন্তর্জাতিক নীতি পরিপন্থী অস্ত্র ব্যবহার করলে আমরাও তাদের বিরুদ্ধে নীতিবিরুদ্ধ হামলা চালাবো।

এর প্রত্যুত্তরে লেবাননের এক সামরিক মুখপাত্র বলেন, এ ধরনের মিথ্যা অভিযোগের ব্যাপারে তিনি কোনো প্রতিক্রিয়া জানাবেন না।

সেনা ও বিমানবন্দর সূত্র জানায়, মার্কিন বিমানবাহিনীর তিনটি বিমান বৈরুত বিমান বন্দরে অস্ত্রগুলো খালাস করেছে। আরও ছয়টি বিমান শুক্রবার যুক্তরাষ্ট্র ও আরব মিত্র দেশগুলো থেকে একই ধরনের অস্ত্রের চালান নিয়ে এসেছে।

মাসখানেক আগে লেবাননে এসব অস্ত্রের চালান আসার কথা থাকলেও ২০ মে ফাতাহ আল--ইসলাম ও সেনাবাহিনীর মধ্যে যুদ্ধবিরতি হলে তাড়াহুড়ো করে এগুলো পাঠানো শুরু হয়।

নিরাপত্তারক্ষীরা জানান, জঙ্গিদের ধরার জন্য ত্রিপোলি ও এর চারপাশের গ্রামে নিরাপত্তারক্ষীরা তল্লাশী কার্যক্রম চালিয়েছে। তবে জঙ্গিরা নিরাপত্তা বূহ্য ভেদ করে পালাতে সক্ষম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে গত মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি চলছে। ১৯৭৫ থেকে ১৯৯০ সালের গৃহযুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে সহিংস ঘটনায় এর মধ্যে ৭৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩৩ সেনা সদস্য, ২৭ জঙ্গি ও ১৮ অসামরিক ব্যক্তি।

সহিংসতার কারণে শনিবার প্রায় ১৫০ জন উদ্বাস্তু নহর আল--বারেদ শিবির থেকে চলে গেছেন।

আব্দেল আ’আল নামের এক উদ্বাস্তু বলেন, “ভেতরের পরিস্থিতি করুণ। সেখানে বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটেছে। আমাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।”

তিনি জানান, তিনিও উদ্বাস্তু শিবির ত্যাগ করেছেন, যা আগে ৪০ হাজার মানুষের আশ্রয়স্থল ছিল।

রেডক্রসের এক মুখপাত্র জানান, ১২ হাজার গৃহহীন উদ্বাস্তুর জন্য তারা ৩০ টন খাদ্য সরবরাহ করছেন। সংযুক্ত আরব আমিরাত থেকে ১২ ট্রাকের একটি বহর এলাকাটিতে পৌঁছেছে এবং সাহায্য বিতরণ শুরু করেছে।

লেবানন সরকার ফিলিস্তিন সমর্থন পুষ্ট ফাতাহ আল--ইসলামকে নির্মূল করার ঘোষণা দিলেও লেবাননে বসবাসরত প্রায় চার লাখ ফিলিস্তিন উদ্বাস্তুর কাছ থেকে এ ব্যাপারে খুব কমই সমর্থন পাচ্ছে।

কর্মকর্তারা জানান, সেনাবাহিনীকে ওই শিবিরে হামলা চালানোর নির্দেশ দেওয়ার আগেই জঙ্গিদের আত্মসমর্পণে রাজি করানোর জন্য তারা মধ্যস্থতাকারীদের সুযোগ দিতে চান। ১৯৬৯ সালের আরব চুক্তি অনুসারে লেবাননি সেনাবাহিনী ১২টি উদ্বাস্তু শিবিরে প্রবেশাধিকার থেকে বঞ্চিত।