নিরাপত্তা সূত্রগুলোর দাবি, উ কোরিয়া একটি ক্ষেপণাস্ত্রেরই পরীক্ষা চালিয়েছে
উত্তর কোরিয়া শুক্রবার একাধিক নয়, একটি ক্ষেপণাস্ত্রেরই পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে প্রতিবেশী সউল। দেশটির নিরাপত্তা সূত্রগুলোকে উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়ার ইয়নহ্যাপ বার্তাসংস্থা শনিবার একথা জানায়। সূত্র জানায়, উত্তর কোরিয়া এর পূর্বাঞ্চলীয় সমুদ্র উপকূলে শুক্রবার একটি ক্ষেপণাস্ত্রেরই পরীক্ষা চালিয়েছে। তবে দেশটি পশ্চিম উপকূলে আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথাও ভাবছিল।
জাপানের এনএইচকে টেলিভিশন শুক্রবার জানিয়েছিল, উত্তর কোরিয়া এর পূর্ব ও পশ্চিম উপকূলে ভূমি থেকে জাহাজে আঘাত হানতে সক্ষম এরকম স্বল্পপাল্লার কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা এ ঘটনাকে স্বাভাবিক সময়ে সামরিক মহড়ার অংশ হিসেবেই দেখছে।
এক সূত্রকে উদ্ধৃত করে ইয়নহ্যাপ জানায়, “উত্তর কোরিয়া এর পূর্বাঞ্চলীয় সমুদ্র উপকূলে শুক্রবার একটি ক্ষেপণাস্ত্রেরই পরীক্ষা চালিয়েছে। তবে এর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত করা না গেলেও এটি স্বল্পমাত্রার বলেই ধারণা করা হচ্ছে।”
তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের এ বিষয়ে মন্তব্য করার জন্য যোগাযোগ করা হলেও তারা নিশ্চিত কিছু জানাতে পারেননি।
তবে দেশটি এর মাছ ধরা নৌকাগুলোকে পশ্চিম উপকূলে না যাওয়া সংক্রান্ত একটি আদেশ জারি করেছিল বৃহস্পতিবার। সে কারণেই পশ্চিম উপকূলেও ক্ষেপণাস্ত্র পরীক্ষার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি আরেকটি সূত্র।
