প্রেসিডেন্সিয়াল পাঠাগার নির্মাণ করছেন মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ফক্স
উত্তরসূরীদের মতো অবসর নেওয়ার পর জনবিচ্ছিন্ন না থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল পাঠাগারের আদলে একটি পাঠাগার ও একটি জাদুঘর নির্মাণ করছেন মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ভিসেন্ত ফক্স। নিজের খামার বাড়ি এলাকায় নির্মাণাধীন এই পাঠাগারটি মেক্সিকোর চারটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকবে এবং এটি উৎসর্গ করা হবে গণতন্ত্র বিকাশের উদ্দেশ্যে।
মধ্য মেক্সিকোয় শুক্রবার নিজের খামার বাড়িতে বিদেশি সাংবাদিকদের ফক্স বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল পাঠাগার আমাকে এ ধরনের একটি সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে।”
তিনি বলেছেন, “মেক্সিকোয় এ ধরনের উদ্যোগ এটাই প্রথম।”
পূর্বসূরীদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে তিনি বলেন, “তারা ব্যাগভর্তি টাকা নিয়ে সুইস ব্যাংকে ছোটেন সেগুলো লুকানোর জন্য।”
ফক্স জানান, প্রেসিডেন্সিয়াল পাঠাগারে তার প্রশাসনের সব দলিলপত্র থাকবে। আর জাদুঘরে থাকবে তার শাসনামলের মন্ত্রিপরিষদ কক্ষ ও প্রেসিডেন্ট কার্যালয়ের পুনর্নির্মিত মডেল।
২০০০ সালে ফক্সের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে দেশটিতে ৭১ বছরের একদলীয় শাসনের অবসান ঘটে। গত ডিসেম্বরে উত্তরসূরী ফেলিপ ক্যালডেরনের কাছে ক্ষমতা হস্তান্তরের পর থেকে তিনি তার খামার বাড়িতে এবং একটি সংস্থার আমন্ত্রণে বক্তৃতা দিয়ে সময় কাটাচ্ছেন। ওই সংস্থাটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও আইরিশ রকস্টার বোনোর প্রতিনিধিত্ব করে।
কোকা - কোলার এই সাবেক কর্মকর্তা তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব নিরসনে ব্যর্থ হলেও শাসনামলের পুরো ছয়টি বছর ধরে তিনি জনপ্রিয় নেতা ছিলেন।
