২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সামরিক বহরে বোমা হামলা, ২ সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে একটি সামরিক গাড়ি বহরে বোমা হামলায় শনিবার ২ সেনা সদস্য নিহত হয়েছেন। ওই দূর - নিয়ন্ত্রিত বোমা হামলায় আহত হয়েছেন আরও ৫ জন। পুলিশ এবং হাসপাতাল সূত্র একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 12:30 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

দক্ষিণ ওয়াজিরিস্তানের গোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে টঙ্ক শহরের মাত্র ৪ কিলোমিটার দূরে সামরিক গাড়ি বহরটিতে ওই বোমা হামলা চালানো হয়।

উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পুলিশ কর্মকর্তা মুহাম্মদ ইদ্রিস খান জানান, “ এটি ছিল একটি দূর - নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ।” সামরিক বহরটিতে প্রায় ৪৫ টি সেনা যান ছিল বলেও তিনি জানান।

আফগান সীমান্তবর্তী ওই অঞ্চলে জঙ্গি তৎপরতা বাড়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনারা জঙ্গি দমনাভিযান জোরদার করলেও এ বছর সেখানে লাগাতারভাবে সেনা - জঙ্গি সংঘর্ষ চলছেই।

গত সপ্তাহে টঙ্ক শহরে আরেকটি বিস্ফোরণে কমপক্ষে ৫ জন নিহত এবং ১২ জন আহত হন।