২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননের সেনাবাহিনীকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র শুক্রবার লেবাননে সামরিক সাহায্য পাঠিয়েছে। এদিকে, গোলযোগপূর্ণ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে নতুন করে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে লেবানন। বৃহস্পতিবার রাতে ফাতাহ আল-ইসলাম জঙ্গিদের সঙ্গে লেবানিজ সেনাদের খন্ডযুদ্ধও হয়। উভয়পক্ষে মেশিনগানের গুলিবিনিময়ের ঘটনায় চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়ার হুমকি সৃষ্টি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 06:00 AM

Updated : 26 Apr 2022, 02:22 PM

লেবাননের উত্তরাঞ্চলীয় নাহার আল বারেদ শরণার্থী শিবিরে আস্তানা গাড়া ফাতাহ আল ইসলাম জঙ্গিদের সঙ্গে রোববার সেনাবাহিনীর লড়াই শুরুর পরই বৈরুত ওয়াশিংটনের কাছ থেকে আরও সামরিক সাহায্য পাঠানোর অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতেই মার্কিন সামরিক সাহায্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

অন্ততপক্ষে ৪টি আরবীয় সেনা সরবরাহ বিমান যুক্তরাষ্ট্র থেকে গোলাবারুদ নিয়ে বৈরুত বিমানবন্দরে অবতরণ করেছে। নিরাপত্ত সূত্রগুলো একথা জানিয়েছে। সামরিক রসদ নিয়ে আরও দুটো বিমান বৈরুতে পৌঁছার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়া আরব দেশগুলোও লেবাননকে সামরিক সাহায্য দেওয়ার অঙ্গীকার করেছে।

যুক্তরাষ্ট্র লেবানন সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করে ফাতাহ আল ইসলামকে ‘বর্বর ও সহিংস চরমপন্থী দল’ আখ্যা দিয়েছে। এদিকে, লেবানন সরকারও ফাতাহ আল ইসলামকে ‘সন্ত্রাসী দল’ আখ্যা দিয়ে এদের নির্মূল করার অঙ্গীকার করেছে।

রোববার সংঘর্ষের পর জঙ্গিদের পক্ষ থেকে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে দুপক্ষের মধ্যে লড়াই কমে আসে। কিন্তু বৃহস্পতিবার রাতভর উভয়পক্ষে থেমে থেমে গোলাগুলি হয়েছে। তবে শুক্রবার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এর আগে দুপক্ষের লড়াইয়ে ৩৩ জন সেনা এবং কমপক্ষে ২৫ জঙ্গি নিহত হয়। ১৯৭৫-১৯৯০ সালের গৃহযুদ্ধের পর লেবাননে এটিই সবচেয়ে মারাত্মক অভ্যন্তরীণ সহিংসতার ঘটনা।

১৯৬৯ সালের আরব চুক্তি অনুযায়ী, নাহার আল বারেদ শিবিরে সেনা প্রবেশ নিষিদ্ধ হলেও অতিরিক্ত সেনা সেখানেই মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন। ৪০ হাজার সুসজ্জিত সেনা দক্ষিণ লেবাননের ইসরায়েল সীমান্তে অবস্থান নিয়েছে। তাছাড়া বৈরুতের ভেতরে-বাইরেও সেনা মোতায়েন রয়েছে।

বড় ধরনের সংঘাতের আশঙ্কায় শরণার্থী শিবির ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা। তবে শিবিরে এখনও ১৫ হাজার শরণার্থী রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ সংস্থা ইউএনআরব্লিউএ। সংঘর্ষ শুরুর আগে এই শিবিরে ছিল প্রায় ৪০ হাজার শরণার্থী।

সংস্থাটির মুখপাত্র হুদা এলতুর্ক বলেন, “নাহার আল বারেদে মানবিক পরিস্থিতির অবনতি ঘটছে। আমরাও খাবার ও পানি বোঝাই ট্রাক নিয়ে তৈরি হয়ে আছি। কিন্তু পরিস্থিতি এখনও আমাদের ত্রাণকর্মীদের ওই শিবিরে প্রবেশের অনুকূল নয়। ”