২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী হানিয়ার বাড়ীর কাছে ইসরায়েলি হামলা

গাজায় ক্ষমতাসীন হামাস সরকারের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার বাড়ীর কাছে শুক্রবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে হানিয়া এই হামলার লক্ষ্য ছিলেন না বলে জানিয়েছে তারা। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, “হানিয়ার বাড়ী আমাদের হামলার লক্ষ্য ছিল না।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 04:45 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হামাস এবং ইসলামিক জিহাদের জঙ্গিদের ওপর ধারাবাহিক বিমান হামলার অংশ হিসাবেই ওই হামলা চালানো হয়েছে। এ হামলার লক্ষ্য ছিলো জঙ্গিদের আস্তানা এবং তাদের অস্ত্র উৎপাদন কারখানা ধ্বংস করে দেওয়া।

ইসরায়েলি সেনা মুখপাত্র বলেন, “সাতি শরণার্থী শিবিরে হামাস সন্ত্রাসী সংগঠনের আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।” কিন্তু অধিবাসীরা বলেছেন, গাজায় হানিয়ার বাড়ী বরাবর রাস্তায় পাহাররত হামাস গার্ডদের একটি দলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে একজন আহত হন।

ইসরায়েল এর আগে ফিলিস্তিনি রকেট হামলা বন্ধ না হলে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী হানিয়াসহ হামাসের অন্যান্য রাজনৈতিক নেতাদেরও হামলার লক্ষ্যবস্তু করার হুমকি দেয়।

বৃহস্পতিবার রাতে ৭ দফা হামলাসহ ইসরায়েল গাজায় ২৪ ঘন্টায় মোট ১১ দফা বিমান হামলা চালিয়েছে। ১০ দিন ব্যাপী চলমান হামলায় এদিনই সবচে বেশি বিমান হামলা চালায় ইসরায়েল।

বৃহস্পতিবার হামাস ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের রকেট হামলা বন্ধের আহ্বান প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, এদিন ৭ টি রকেট এবং একটি মর্টার গোলা ইসরায়েলে নিক্ষেপ করেছে ফিলিস্তিন।

হামাস কর্মকর্তা সামি আবু জুহরী বলেছেন, “আমাদের ওপর ইহুদি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত রকেট হামলা চলবে।”