২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের নেতৃত্ব দেওয়া উচিত: ব্রিটেন

আফগানিস্তানে লাগাতার সহিংসতার অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য সেখানে জাতিসংঘের নেতৃত্ব দেওয়া উচিৎ। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ডেস ব্রাউনে বৃহস্পতিবার একথা বলেছেন। শুধু সামরিক কমান্ডারদের ওপর নির্ভর না করে রাজনৈতিক প্রক্রিয়ায় সেখানে শান্তি প্রতিষ্ঠার মিশন শুরু করতে দৃশ্যমান বিশ্বনেতা হিসেবে জাতিসংঘের ভূমিকা প্রয়োজন বলে তিনি মনে করেন। এ বিষয়ে একটি প্রস্তাব নিয়ে সংস্থাটির মহাসচিব বান কি মুনসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করার আগে তিনি এসব কথা বলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 02:20 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

নিউইয়র্কে দি কাউন্সিল অফ ফরেন রিলেশন্সের এক সভায় ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, শুধু সামরিক উপায়ে এ সংঘাত নিরসন সম্ভব নয়। জঙ্গিদের মোকাবেলা করতে, নিরাপত্তা বজায় রাখতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক কৌশল নেওয়া প্রয়োজন।

ব্রাউনে বলেন, “এ সবকিছুর সমন্বয় করতে মাথার ওপর ছাতার মতো একটি প্রচারণামূলক কৌশল গ্রহণ করতে হবে। একে অবশ্যই একটি রাজনৈতিক কৌশলগত পরিকল্পনা হতে হবে, কোনোভাবেই শুধু সামরিক পরিকল্পনা নয়।”

তিনি বলেন, “এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পদসহ অন্যান্য প্রচেষ্টার সমন্বয় করতে হবে। আর এজন্য নেতৃত্বের প্রয়োজন। আমার মনে হয় এ ভূমিকা রাখার জন্য জাতিসংঘই সবচেয়ে উপযোগী।”

ব্রাউনের মতে, “আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার জন্য একটি দৃশ্যমান নেতৃত্ব অবশ্যই প্রয়োজন।”

ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে একটি প্রস্তাব নিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে দেখা করবেন প্রতিরক্ষামন্ত্রী ডেস ব্রাউনে। সংস্থাটির উপ মহাসচিব (রাজনীতি বিষয়ক) লিন পাসকো এবং শান্তিরক্ষা মিশনের প্রধান জ্যঁ-ম্যারি গুয়েহেন্নোর সঙ্গেও বৈঠক করবেন তিনি।

আফগানিস্থানের বর্তমান অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে তার ৬০ ভাগ সময় ব্যয় করতে হয় আফগানিস্তানের সঙ্গে সম্পৃক্ত ৪২টি দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে করতেই।”

তিনি বলেন, “আপনি যদি প্রেসিডেন্ট কারজাইয়ের সঙ্গে দেখা করতে চান তাহলে আপনাকে এখনই গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হবে।”

জাতিসংঘ কীভাবে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার কাজে অংশ নিতে পারে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ব্রিটিশ মন্ত্রী। তালেবানদের লাগাতার হামলায় অসামরিক নাগরিকসহ বিদেশি সেনাদের ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে পশ্চিমা মিত্রদেশগুলোর অবস্থান পরিবর্তনের ইঙ্গিতের পরই ব্রিটেন এ ভূমিকা নিল।

দেশটিতে বর্তমানে ন্যাটোর নেতৃত্বধীন প্রায় ৪০ হাজার বিদেশি সেনা অবস্থান করছে। সেখানে ব্রিটেনের সাত হাজার ৭০০ সেনা রয়েছে।