বিশ্বব্যাংকের প্রধান নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন চান মার্কিনিরা
প্রায় ৮৫ শতাংশ মার্কিনি বিশ্বব্যাংকের প্রধান নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন চান। তারা বিশ্বব্যাংকের প্রধান হিসাবে যুক্তরাষ্ট্রের পছন্দমত স্বদেশী প্রার্থী নির্বাচনের ঘোর বিরোধী। ওয়াশিংটন ভিত্তিক নীতি নির্ধারণী বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট’ (সিজিডি)’র এক অনলাইন জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।
জরিপে দেখা গেছে, বেশিরভাগ মার্কিনিই মনে করেন জাতীয়তার ভিত্তিতে নয় বরং যোগ্যতার ভিত্তিতেই বিশ্বব্যাংকের প্রধান নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা উচিত।
জরিপ শুরু হয়েছে বৃহস্পতিবার। এখনও তা চলছে। প্রথম ৪৮ ঘন্টায় ৩৫০ জনের ওপর জরিপ চালানো হয়েছে। গত সপ্তায় বিশ্বব্যাংক প্রধানের পদ থেকে উলফোভিৎসের পদত্যাগের ক’দিনের মধ্যেই এ জরিপ চালানো হল।
উলফোভিৎস পেন্টাগনের সাবেক কর্মকর্তা ছিলেন। পরে তিনি বিশ্বব্যাংকের প্রধান পদে নিয়োগ পান। বান্ধবীকে অনৈতিক সুবিধা দেওয়ানিয়ে কেলেঙ্কারিতে জড়িয়ে শেষপর্যন্ত চাপের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
ছয় দশক আগে বিশ্বব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকে ইউরোপের সঙ্গে একরকম অলিখিত চুক্তির বদৌলতেই ওই ব্যাংকের সবচে বড় শেয়ারহোল্ডার যুক্তরাষ্ট্র ব্যাংকের প্রেসিডেন্ট পদে লোক নিয়োগ দিয়ে আসছে। অথচ বিশ্বব্যাংকেরই আরেক প্রতিষ্ঠান আইএমএফ সবসময় পরিচালনা করে আসছেন একজন ইউরোপীয়।
বিশ্বব্যাংকে যুক্তরাষ্ট্রের লোক নিয়োগের ঐতিহ্য নিয়ে অবশ্য প্রশ্নের অবতারণা হয়েছে অনেক আগেই। উন্নয়ন বিশেষজ্ঞরা ছাড়াও বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাংক প্রধান নিয়োগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে। এ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা এবং বিশ্বব্যাংকের ১৮৫ টি সদস্য দেশের স্বার্থের প্রতিফলন থাকারও দাবি জানিয়েছে তারা।
বিশ্বব্যাংকের প্রধান হওয়ার যোগ্যতা সম্পর্কে সিজিডি জরিপে অংশগ্রহণকারীদের বেশির ভাগই বলেছে, ব্যাংকিং কার্যকলাপে অভিজ্ঞতা, অর্থনীতি জ্ঞান, উন্নয়ন সম্পর্কে জ্ঞান থাকা, কার্যকর ব্যবস্থাপনা দক্ষতা থাকা, আন্তর্জাতিক সংগঠনগুলো সম্পর্কে অভিজ্ঞতা থাকাসহ রাজনৈতিক ও কূটনৈতিক দক্ষতাও একজন বিশ্বব্যাংক প্রধানের থাকা প্রয়োজন।
বিশ্বব্যাংকের সম্ভাব্য প্রধানের মধ্যে জরিপের উত্তরদাতাদের মধ্য থেকে সবচে বেশি সমর্থন পেয়েছেন সাবেক মার্কিন অর্থমন্ত্রী রবার্ট রবিন এবং ইসরায়েলি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর স্ট্যানলি ফিশার। ব্যাংকিং এবং অর্থনীতি বিষয়ে অভিজ্ঞতার জন্য তারা বেশি জনসমর্থন পান।
এরপর জনসমর্থনের দিক দিয়েএগিয়ে আছেন, সাবেক তুর্কি অর্থমন্ত্রী এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রধান কেমাল দারভিস। এরপরই রাজনৈতিক এবং কুটনৈতিক অভিজ্ঞতার জন্য বিশ্বব্যাং প্রধান পদে জনসমর্থন পাচ্ছেন বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
অন্যান্যদের মধ্যে আছেন, নাইজেরিয়ার সাবেক অর্থমন্ত্রী নোজি ওকোনজো লিউয়েলা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং মুহম্মদ ইউনূস।
