২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর কঠোরতর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে বুশ

পরমাণু কর্মসূচি বন্ধে ইরানকে বাধ্য করতে দেশটির বিরুদ্ধে আরোপিত জাতিসংঘ নিষেধাজ্ঞা আরও জোরদার করা উচিৎ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। বৃহস্পতিবার বুশ জানান, তেহরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে তিনি কথা বলবেন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের অগ্রগতি বিষয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রতিবেদন প্রকাশের পরদিনই এক সংবাদ সম্মেলনে বুশ এসব কথা বলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 02:17 AM

Updated : 26 Apr 2022, 02:22 PM

তিনি বলেন, “আমার মতামত হলো, জাতিসংঘ নিষেধাজ্ঞাকে আরও জোরদার করা প্রয়োজন আমাদের।”

“আমি এ বিষয়ে কন্ডোলিৎসা রাইসের সঙ্গে কথা বলেছি এবং আরও নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে নিয়ে কাজ করবো আমরা।”

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের অচলবস্থা নিরসনে পদক্ষেপ নেওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

বুশ বলেন, “অবশ্যই বিষয়টি নিয়ে ভ্লাদিমির পুতিন (রুশ প্রেসিডেন্ট) এবং (চীনা) প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে আলোচনা করবো আমরা।

“এই নেতাদের এ বিষয়টি বুঝতে হবে যে পরমাণু অস্ত্রসমৃদ্ধ ইরান বিশ্বকে মারাত্মকভাবে ভারসাম্যহীন করে তুলবে। তাদের (ইরানকে) একঘরে করতে একসঙ্গে কাজ করার বিষয়টি তাদেরই স্বার্থ রক্ষা করবে।”

একইদিনে ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, বিশ্বে ইরানি প্রভাবকে রুদ্ধ করে দেওয়ার জন্যই পরমাণু কর্মসূচি বন্ধের চেষ্টা চালাচ্ছে পশ্চিমারা। অবশ্য তিনি আবারও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে চাপের কাছে মাথা নত করবে না ইরান।

এদিকে ইরান-যুক্তরাষ্ট্র দ্বৈত নাগরিকত্ব আছে এমন ইরানিদের আটকের বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বুশ।

সম্প্রতি চারজন ইরানি-আমেরিকানকে আটক করে তেহরান। এদের মধ্যে ওয়াশিংটনভিত্তিক পন্ডিত হালেহ এসফারান্দিও রয়েছেন। তাকে ইরান ত্যাগ করতে দিচ্ছে না আহমাদিনেজাদের সরকার।

এসফারান্দির বিরুদ্ধে আনীত সব অভিযোগ প্রত্যাহার করে নেওয়া এবং অবিলম্বে কারাগার থেকে তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বৃহস্পতিবার একটি প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন সিনেট।