২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উ কোরিয়া, আমল দিচ্ছে না যুক্তরাষ্ট্র

ছয়-জাতি পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা আবারও সচল হবে এবং এর মধ্য দিয়ে উত্তর কোরিয়া সঙ্কট শিগগিরিই নিরসন হবে--যুক্তরাষ্ট্রের এই আশাবাদের মাঝেই কয়েকটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পিয়ংইয়ং। হোয়াইট হাউস একে নিয়মিত সামরিক মহড়া আখ্যা দিয়ে কোনোরকম হুমকির আশঙ্কা উড়িয়ে দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 07:16 AM

Updated : 26 Apr 2022, 02:22 PM

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র গর্ডন জোন্দ্রে বলেছেন, “এটি নিয়মিত মহড়া বলেই মনে হচ্ছে।”

যুক্তরাষ্ট্রের মতো জাপান এবং দক্ষিণ কোরিয়াও ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই পদক্ষেপকে হুমকি বলে মনে করছে না। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা বলেছে, উত্তর কোরিয়া বার্ষিক সামরিক মহড়ার অংশ হিসাবেই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করেছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সাংবাদিকদের বলেন, “উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে জাপানের নিরাপত্তায় হুমকি বলে মনে করছি না আমি।” তবে আবে এও বলেন, তিনি চান উত্তর কোরিয়া ছয়-জাতি আলোচনায় বসতে প্রতিশ্র“তিবদ্ধ থাকুক। ফ্রেব্র“য়ারিতে অনুষ্ঠিত ছয়-জাতি আলোচনায় স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, উত্তর কোরিয়া পরমাণু কর্মসুচি বন্ধের কাজ শুরু করতে বাধ্য। কিন্তু তার আগে তারা ম্যাকাও ব্যাংকে জব্দ থাকা তহবিল ফেরতের নিশ্চয়তা দাবি করে আসছিল।

ম্যাকাও ব্যাংকের ওই তহবিল এ মাসেই পাওয়ার পর উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি বন্ধের প্রতিশ্র“তি কার্যকর করবে বলে যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করে। মার্কিন সহকারী পরররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল শুক্রবার ম্যানিলাতে সাংবাদিকদের এ আশার বাণী শোনান। এর মধ্যেই পিয়ংইয়ং নতুন করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল।

জাপানের এসএইচকে টেলিভিশন বলেছে, এই ক্ষেপণাস্ত্রগুলো জাপান সাগর লক্ষ্য করে ছোঁড়া হলে তা নিরাপত্তায় হুমকি বলে গণ্য হতো। কিন্তু এগুলো ছোঁড়া হয়েছে উত্তর কোরিয়ার পূর্ব-পশ্চিম উপকূল থেকে। এগুলো ভূমি থেকে জাহাজে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। এদিকে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বলেছেন, “উত্তর কোরিয়ার এ পদক্ষেপ ছয়-জাতি আলোচনাকে বাধাগ্রস্ত করবে না বলেই আশা করা যায়।”

তবে দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ বিষয়ক বিশেষজ্ঞ পার্ক ইয়ং হু বলছেন, “এ ঘটনার প্রভাব ছয়-জাতি আলোচনায় পড়তে পারে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেখাচ্ছে বলেও আমরা ধরে নিতে পারি।”

এর আগে ক্রিস্টোফার হিল আশা ব্যক্ত করে বলেন, “আমি বিশ্বাস করি উত্তর কোরিয়া ব্যক্তিগতভাবে এবং প্রকাশ্যে, সর্বসাম্প্রতিক সময়ে গত রাতে, ইঙ্গিত দিয়েছে যে ব্যাংকের বিষয়টি সমাধান হওয়ার সঙ্গে সঙ্গে চুক্তি অনুযায়ী পরমাণু কর্মসূচি বন্ধে যতো দ্রুত সম্ভব তারা তাদের দায়িত্ব পালন করবে।”

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধ বিষয়ক প্রধান মার্কিন মধ্যস্থতাকারী হিল আরও বলেন, “এটা শিগগিরই হবে বলে আশা করছি আমি। গত মাসেই হবে বলে আশা করেছিলাম। এ মাসেই বিষয়টির সমাধান হয়ে যাবে বলে আমরা মনে করছি।”

হিলের এ মন্তব্য উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে, যদিও তিনি এ সপ্তাহের প্রথম দিকে মন্তব্য করেছিলেন যে পিয়ংইয়ঙের উচিত ওই অর্থের জন্য অপেক্ষা না করে সোভিয়েত আমলে নির্মিত পরমাণু চুল্লিগুলো বন্ধ করে দেওয়া।

এর আগে কূটনীতিবিদদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্রভাণ্ডার তৈরির ব্যাপারটি অস্বীকার করে এবং আমেরিকা,জাপান ও দক্ষিণ কোরিয়াকে ‘যুদ্ধবাজ’ হিসেবে আখ্যা দেয়।

উত্তর কোরিয়া গত ফেব্র“য়ারি মাসে ছয়জাতি বৈঠকে তাদের পরমাণু কার্যক্রম বন্ধে রাজি হলেও ম্যাকাওয়ের ব্যাংকো ডেল্টা এশিয়ায় আটক আড়াই কোটি ডলার হাতে না পাওয়া পর্যন্ত তারা এ কার্যক্রম বন্ধ করবে না বলে জানায়।  

তবে অর্থ হস্তান্তর প্রক্রিয়া বন্ধ থাকায় এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে পরমাণু কার্যক্রম বন্ধে ব্যর্থ হয় উত্তর কোরিয়া।

ওয়াশিংটন এবং অন্যদের দাবি, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে দেওয়া প্রতিশ্র“তি ভঙ্গ করেছে পিয়ংইয়ং।

হিল জানিয়েছেন, দুপক্ষের এই সমস্যা সমাধানের আগ পর্যন্ত ছয়জাতি বৈঠক শুরু করার কোনো পরিকল্পনা নেই।

হিল ২ আগস্টে ফিলিপাইনের রাজধানীতে অনুষ্ঠিতব্য দক্ষিণ এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) প্রস্তুতিমূলক বৈঠকে যোগ দিতে বর্তমানে ম্যানিলা সফর করছেন। ওয়াশিংটন ওই বৈঠকে এশিয়ার দেশগুলোকে পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তিটি গ্রহণের জন্য চাপ দেবে বলে কথা রয়েছে।