পরমাণু চুক্তিতে ভারত - যুক্তরাষ্ট্র উভয়কেই ছাড় দিতে হবে: নিকোলাস বার্নস
ভারত - যুক্তরাষ্ট্র পরমাণু সহযোগিতা চুক্তিতে কিছু মতপার্থক্য রয়ে গেছে এবং চুক্তিটি স্বাক্ষরে উভয়কে অবশ্যই ছাড় দিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস।
বুধবার তিনি বলেন, নয়াদিল্লি সফর চূড়ান্ত করতে তিনি ভারতীয় প্রতিপক্ষ শিব শংকর মেননের সঙ্গে আগামী দুদিনের মধ্যে যোগাযোগ করবেন। আগের সফরসূচি বাতিল হলেও আগামী দুএক সপ্তাহের মধ্যেই তিনি নয়াদিল্লি যাবেন বলে জানান বার্নস।
তিনি বলেন, “পরমাণু সহযোগিতা চুক্তি সম্পাদনে খানিকটা পরিশ্রম করতে হবে এবং দুই সরকারকেই কিছু কিছু ছাড় দিতে হবে। আমি বিশ্বাস করি সেটা সম্ভব।”
চুক্তিটি স্বাক্ষরিত হলে গত ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পরমাণু জ্বালানি ও চুল্লি ব্যবহারের সুযোগ পাবে ভারত। ভারত অবশ্য এরই মধ্যে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এছাড়া দেশটি কখনই পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তিতে স্বাক্ষর করেনি।
বার্নস স্বীকার করেন যতোটা সহজ ভাবা হচ্ছিল, চুক্তিটি ততোটা সহজে সম্পাদিত হচ্ছে না।
তবে তিনি জোর দিয়ে বলেন, “এ চুক্তিটি দুই সরকারের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুদেশের বেসরকারি খাতকে অস্থায়ী চুক্তি একটি চুক্তি স্বাক্ষর প্রশ্নে কিংবা মতাপার্থক্য আছে এমন বিষয়গুলোতে অগ্রগতি অর্জন করতে হবে।”
“চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে উভয় পক্ষকেই ছাড় দিতে হবে। আমাদের উভয়ের ওপরেই এ দায়িত্ব বর্তায়। আমি বিশ্বাস করি, ভারত সরকার এ চুক্তি সম্পাদনে আগ্রহী। এটা অত্যন্ত জটিল একটা চুক্তি।”
চুক্তিটি সম্পাদনে আগামী কয়েক সপ্তাহ উভয় পক্ষই জোর প্রচেষ্টা চালাবে বলে ভবিষ্যদ্বাণী করেন বার্নস।
পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে সোমবার লন্ডনে ভারত - যুক্তরাষ্ট্র কারিগরি বৈঠকে তেমন কোনো অগ্রগতি হয়নি।
যুক্তরাষ্ট্র ওই চুক্তিটিকে দেখছে আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে ২১ শতকের বড় ধরনের অর্জন হিসেবে। কিন্তু ২০০৫ সালে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়ার পর থেকে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে টানাপড়েন চলছে।
দুদিনের আলোচনা শেষে গত ১ মে দুই দেশের কর্মকর্তারা তাদের আলোচনায় দারুণ অগ্রগতি হওয়ার কথা বলেছিলেন। ওই সময় মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস ভারত সফর করেন। চুক্তিটি চূড়ান্ত অনুমোদনের জন্য তিনি মে মাসের দ্বিতীয়ার্ধে ভারত সফরে আসতে পারেন বলেও জানিয়েছিলেন তিনি।
চুক্তিটি নিয়ে উভয় পক্ষের মধ্যকার সুনির্দিষ্ট মতপার্থক্য সম্পর্কে জানা না গেলেও সাধারণভাবে মূল বাধা হিসেবে কাজ করছে মার্কিন কংগ্রেসের একটি দাবি যাতে বলা হচ্ছে, ভারত ১৯৯৮ সালের মতো আরেকবার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে এ চুক্তি বাতিল হবে।
আরেকটি বাধা হলো, মার্কিন যন্ত্রপাতি ব্যবহার করে ভারতের উৎপাদিত ও ব্যবহৃত জ্বালানি পুনর্ব্যবহারের অনুমতি দিতে এবং নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করতে যুক্তরাষ্ট্রের অসম্মতি জ্ঞাপন।
