উপসাগরে পৌঁছেছে ৯টি মার্কিন রণতরী, ইরানের হুঁশিয়ারি
ইরান উপকূলে মহড়া দেওয়ার প্রস্তুতিতে বুধবার উপসাগরে পৌঁছেছে ৯টি মার্কিন রণতরী। ২০০৩ সালে ইরাক আগ্রাসনের পর উপসাগরে এটিই সবচে বড় মার্কিন যুদ্ধজাহাজ সমাবেশ। ইরান উপকূলের হরমুজ প্রণালীতে এগুলোর মহড়া চলবে। পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান-ওয়াশিংটনের টান-টান উত্তেজনার মাঝে উপসাগরে এই মহড়া আয়োজনের বিরুদ্ধে ইরান ইতোমধ্যেই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোস্তফা মোহম্মদ নাজ্জার বুধবার বলেছেন, “ইরান যে কোনো হুমকি প্রতিহত করবে এবং শত্র“দের দাঁতভাঙা জবাব দেবে।” ইরানের রাষ্ট্রীয় ‘ইরনা’ বার্তা সংস্থা একথা জানায়।
বুধবার দিনের শুরুতেই ১৭ হাজার নৌসেনা-কর্মকর্তা নিয়ে ৯ টি মার্কিন রণতরী উপসাগরে প্রবেশ করে। হরমুজ প্রণালীতে রণতরীর মহড়া সম্পর্কে ইরানকে জানানো হয়নি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। জুনে কঠোর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের হুমকির মুখে থাকা ইরানের ওপর যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বাড়তি চাপ সৃষ্টি করেছে।
মার্কিন রণতরী দলের নেতৃত্বে থাকা রিয়ার অ্যাডমিরাল কেভিন কুইন বলেন, “উপসাগরে নিরাপত্তা রক্ষার মার্কিন প্রতিশ্র“তি সম্পর্কে ওই অঞ্চলের মিত্র দেশগুলোকে আশ্বস্ত করার জন্যই এই মহড়ারর আয়োজন করা হয়েছে। মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস জন সি স্টেনিস’ এ উপস্থিত সাংবাদিকদের কেভিন বলেন, “ওই অঞ্চলে সবসময়ই যে কোনো রাষ্ট্রের হুমকি ছাড়াও দুর্বৃত্তদের হুমকি বিরাজ করছে।”
যুক্তরাষ্ট্র আগামী কয়েক সপ্তাহ ধরে এই মহড়া চালানোর পরিকল্পনা করেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি কিছুদিন আগে মধ্যপ্রাচ্য সফরকালে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেয়া যায় না বলে মন্তব্য করার পর পরই উপসাগরে রণতরী মহড়ার এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের ধারণা ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। কিন্তু ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার কলে বলে আসছে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই চালানো হচ্ছে।
যুক্তরাষ্ট্র এই বিরোধ কূটনৈতিক পন্থায় সমাধানের কথা বলে আসলেও ইরানে সামরিক হামা চালানোর সম্ভাবনা নাকচ করেনি। ইরানের প্রতিরক্ষা বিষয়ক উপ-কর্মকর্তা আলীরেজা আসফার বলেছেন, “যুদ্ধ যদি কোনো দিন ঘটেই যায়, ইরান আগের চেয়েও অনেক বেশি শক্তি দিয়ে এর সীমান্ত রক্ষা করবে।”
