মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ডাক জাওয়াহিরির
শীর্ষ তালেবান কমান্ডার মোল্লা দাদুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করে তার অনুসারীদের মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আল-কায়েদার ২য় শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি।
তিনি বলেন, “তার পথ থেকে বিচ্যুত হবেন না। তিনি যে যাত্রা শুরু করেছিলেন তা চালিয়ে যান। ধৈর্যধারণ করে যারা পুরস্কৃত হতে চায় তাদের দলে থাকুন। কারণ, ধৈর্যের দীর্ঘ পথ ধরেই জয় আসে।” আল-কায়েদা সংশ্লিষ্ট দলগুলোর ব্যবহৃত ওয়েবসাইটে প্রচারিত এক টেপে জাওয়াহিরি একথা বলেন।
আফগানিস্তানে কিছুদিন আগে মার্কিন-আফগান বাহিনীর অভিযানে নিহত হন তালেবান শীর্ষ কমান্ডার মোল্লা দাদুল্লাহ। তাকে হারিয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে তালেবানরা। টেপে জাওয়াহিরি বলেন, শহীদী আত্মত্যাগে ইচ্ছুকদের কমান্ডারকে পরপারে চলে গেছেন। তিনি শহীদ হয়েছেন। কিন্তু রেখে গেছেন শ’শ’ আত্মত্যাগীকে। যারা জিহাদে ঝাঁপিয়ে পড়ার জন্য উন্মুখ হয়ে আছে।”
টেপের কণ্ঠস্বর জাওয়াহিরির কিনা তা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে টেপে জাওয়াহিরির ছবির পাশে যোদ্ধা পরিবেষ্টিত দাদুল্লাহর ছবি দেখা গেছে। দাদুল্লাহ ওসামা বিন লাদেনের লেফটেন্যান্ট ছিলেন।
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা, বিদেশি ও আফগানদের অপহরণ, জিম্মিদের শিরোচ্ছেদ এবং দক্ষিণাঞ্চলে সহিংসতার হোতা ছিলেন দাদুল্লাহ।
টেপে জাওয়াহিরি বলেন, “আবু মুসাব আল জারকাবির (আল-কয়েদার ইরাক শাখার প্রয়াত নেতা) শহীদ হওয়ার কারণে ইরাকে মার্কিন বাহিনীতে বড় ধরনের ধ্বসের সূত্রপাত হয়ে থাকলে, দাদুল্লাহর শহীদ হওয়ার মানে হচ্ছে, তাদের মেরুদণ্ড ভেঙে পড়বে এবং তাদের পরাজয়ও আসন্ন।”
জাওয়াহিরি আরও বলেন, পশ্চিমা ও আফগান বাহিনী তালেবান কমান্ডার দাদুল্লাহকে হত্যা করার আগে তার ওপর দু’ দুবার হামলা করেছে। তিনি মারা গেছেন। কিন্তু এর মধ্য দিয়ে তিনি মার্কিন বাহিনীকে এই হুমকি এবং সতর্কবাণীই দিয়ে গেছেন যে, “তোমাদের এটম বোমা থাকলে আমাদের আছে শহীদ হতে প্রস্তুত অনেক যোদ্ধা।”
