যুক্তরাষ্ট্রের নতুন ইরাক যুদ্ধনীতিতে প্রাধান্য পাচ্ছে রাজনৈতিক প্রচেষ্টা
যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা ও কূটনীতিবিদরা ইরাক যুদ্ধের একটি নতুন কৌশল প্রণয়নের কাজ প্রায় শেষ করে এনেছেন। নতুন এ কৌশলপত্রে সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক প্রচেষ্টার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এতে বিবদমান ইরাকি গোষ্ঠীগুলোর মধ্যে সমঝোতা প্রচেষ্টার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দি ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে বুধবার একথা জানিয়েছে।
পত্রিকাটি জানায়, নতুন এ যুদ্ধ কৌশলকে যতোটা না সামরিক, তারচেয়ে অনেক বেশি রাজনৈতিক বলে দাবি করেছেন এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো। অপ্রকাশিত এ কৌশলপত্রে ইরাকের সরকার ও নিরাপত্তা বাহিনী থেকে গোষ্ঠীবাদী কট্টরপন্থীদের অপসারণ করার পরিকল্পনা করা হয়েছে বলে জানান তারা।
এ কৌশলপত্রকে ইরাকে শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস এবং মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকারের একটি সমন্বিত প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে ওয়াশিংটন পোস্ট। মে মাসের ৩১ তারিখের মধ্যে এ কৌশলপত্রের কাজ শেষ হবে বলে জানায় তারা।
এ পরিকল্পনায় ২০০৮ সাল জুড়ে ইরাকে মার্কিন সেনা বাড়ানোর কথা বলা হয়েছে। তবে একইসঙ্গে প্রায় দেড় লাখ সেনার ইরাকি সেনাবাহিনীকে আরও জোরদার করা ও তাদের সেনাসংখ্যা বাড়ানোর কথাও সুপারিশ করা হয়েছে এ কৌশলপত্রে।
ইরাকে নিত্যদিনের সহিংসতা কমানোর জন্য নিরাপত্তা জোরদারের পাশাপাশি গৃহযুদ্ধ এড়াতে বিবদমান গোষ্ঠীগুলোর ওপর রাজনৈতিক সমঝোতার ওপর জোর দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, “গোষ্ঠীগত সহিংসতা অব্যাহত রাখার মাধ্যমে রাজনৈতিক আইন এবং অর্থনৈতিক সংস্কারের অন্তরায় সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর মূল ক্রীড়ানকদের সংযত করাই নতুন কৌশলপত্রের মূল লক্ষ্য হওয়া উচিৎ।”
