কাশ্মিরে সেনা - জঙ্গি বন্দুকযুদ্ধে ৮ জন নিহত
ভারতের কাশ্মিরে মঙ্গলবার সেনা ও বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধে সাত জঙ্গি ও এক সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ভারতশাসিত কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পালওয়ামা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের একজন কর্মকর্তা বলেন, “জঙ্গিদের উপস্থিতি নিশ্চিতের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তিন জায়গায় চারদিক ঘিরে রেখে তল্লাশি অভিযান চালানো হয়।”
বন্দুকযুদ্ধের সময় একজন বেসামরিক ব্যক্তি নিহত এবং তিনজন সেনাসদস্য আহত হন।
পাকিস্তান ও ভারত দুদেশই কাশ্মিরের ওপর নিজেদের অধিকার দাবি করে এবং সেখানে পূর্ণ শাসনের দাবি জানায়। তবে এ সমস্যা সমাধানের লক্ষ্যে দুদেশ ২০০৪ সালে শান্তি আলোচনা শুরু করেছে। এরপর থেকে ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি এবং সেনাসদস্যদের মধ্যে সহিংসতা অনেকাংশে কমে এসেছে।
এক কর্মকর্তা জানিয়েছেন, ১৯৮৯ থেকে কাশ্মিরে ভারত শাসনের বিরুদ্ধে এখন পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। তবে মানবাধিকার সংস্থাগুলোর মতে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশে মৃত এবং নিরুদ্দেশ হওয়া মানুষের সংখ্যা প্রায় ৬০ হাজার।
