মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সহিংসতাকালীন অপরাধের তদন্ত শুরু আইসিসিতে
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ২০০২ - ২০০৩ সালে সংঘটিত সশন্ত্র সংঘাতের সময় ধর্ষণ ও যৌন সহিংসতার মতো কথিত অভিযোগের তদন্ত শুরু করেছে আমস্টার্ডামভিত্তিক আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)। মঙ্গলবার থেকে এসব অপরাধের তদন্ত শুরু করেছেন আইসিসির আইনজীবীরা।
এ প্রসঙ্গে আইসিসির আইনজীবী লুইস মোরেনো - ওকাম্পো এক বিবৃতিতে বলেন, “আমরা বিশ্বাস করি, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সংঘটিত অপরাধ আইসিসির তদন্তের আওতায় পড়ে। আমরা সাক্ষ্য - প্রমাণের ভিত্তিতে এসব ঘটনার জন্য দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে আনীত অভিযোগের স্বাধীন তদন্ত করবো।”
বিবৃতিতে বলা হয়, ওই সময় অন্তত ৬০০ নারী ও পুরুষ ধর্ষণ ও নানান যৌন সহিংসতার স্বীকার হন বলে অভিযোগ রয়েছে।
ওই সহিংসতায় নিহতের সংখ্যার চেয়ে যৌন অপরাধের শিকার ব্যক্তিদের সংখ্যা বেশি বলে অভিযোগ রয়েছে। আইসিসি এই প্রথমবারের মতো এ ধরনের অভিযোগের তদন্ত করছে বলে বিবৃতিতে বলা হয়।
ওকাম্পো জানান, হত্যা, লুটতরাজ ও ধর্ষণের সঙ্গে সম্পর্কিত সবচেয়ে জঘণ্য অপরাধগুলোর অনেকগুলো সংঘটিত হয় ২০০২ সালের অক্টোবর ও নভেম্বর এবং ২০০৩ সালের ফেব্র“য়ারি ও মার্চ মাসে।
“অসামরিক মানুষজনের ওপর হামলা শুরু হয় একটি ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পর। এরপর গণহারে ধর্ষণ ও অন্যান্য ধরনের যৌন সহিংসতার মতো অপরাধের ঘটনা ঘটে সশন্ত্র ব্যক্তিদের দ্বারা। আপাতদৃষ্টিতে যৌন সহিংসতাই ওই সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।”
বয়স্ক নারী এবং নারী ও পুরুষ শিশুসহ অসামরিক মানুষজন ধর্ষণের শিকার হন, এমন অভিযোগের সপক্ষে তথ্য - প্রমাণ তাদের হাতে আছে বলে আইসিসি জানায়।
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সরকার ২০০৪ সালের ডিসেম্বর মাসে এসব অভিযোগ উত্থাপন করে আইসিসিতে। সরকার এসব অভিযোগ সংক্রান্ত তথ্যও সরবরাহ করে।
২০০২ সালে কাজ শুরু করা আইসিসি বর্তমানে সুদানের দারফুর অঞ্চল এবং মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ও চাদে সংঘটিত অপরাধের তদন্ত করছে।
