২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুক্তি নিয়ে ভারত - যুক্তরাষ্ট্র যোগাযোগ অব্যাহত

পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে ভারত - যুক্তরাষ্ট্র যোগাযোগ অব্যাহত রয়েছে। ওই চুক্তি নিয়ে নিজেদের মধ্যকার মতপার্থক্য দূর করার প্রচেষ্টায় উভয় দেশের কারিগরি বিশেষজ্ঞরা সোমবার লন্ডনে বৈঠক করেছেন বলে মার্কিন কর্মকর্তারা জানান। তবে লন্ডন বৈঠকে কোনো অগ্রগতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 01:44 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

ওই বৈঠক প্রসঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার রয়টার্সকে বলেন, মার্কিন বিশেষজ্ঞরা ভারতীয়দের সঙ্গে ‘সবসময় যোগাযোগ’ রাখছেন। চুক্তি স্বাক্ষরে উভয় পক্ষ একে অপরের কাছে লিখিত প্রস্তাবনাও পেশ করেছেন।  

চুক্তিটি স্বাক্ষরিত হলে গত ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পরমাণু জ্বালানি ও চুল্লি ব্যবহারের সুযোগ পাবে ভারত। ভারত অবশ্য এরই মধ্যে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এছাড়া দেশটি কখনই পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তিতে স্বাক্ষর করেনি।

যুক্তরাষ্ট্র ওই চুক্তিটিকে দেখছে আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে ২১ শতকের বড় ধরনের অর্জন হিসেবে। কিন্তু ২০০৫ সালে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়ার পর থেকে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে টানাপড়েন চলছে।

দুদিনের আলোচনা শেষে গত ১ মে দুই দেশের কর্মকর্তারা তাদের আলোচনায় দারুণ অগ্রগতি হওয়ার কথা বলেছিলেন। ওই সময় মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস ভারত সফর করেন। চুক্তিটি চূড়ান্ত  অনুমোদনের জন্য তিনি মে মাসের দ্বিতীয়ার্ধে ভারত সফরে আসতে পারেন বলেও জানিয়েছিলেন তিনি।

কিন্তু গত সপ্তাহে বার্নস তার ভারত সফর বাতিল করেন এবং পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে আরও আলোচনার জন্য লন্ডনে মার্কিন কারিগরি বিশেষজ্ঞদের পাঠানোর সিদ্ধান্ত হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান।

মার্কিন কংগ্রেস গত ডিসেম্বরে ওই চুক্তিটি স্বাক্ষর প্রশ্নে অনুমোদন দেয় সম্প্রতি প্রণীত হাইড আইনের আওতায়। কিন্তু তখন থেকেই আলাদা করে দ্বিপাক্ষীক একটি চুক্তি স্বাক্ষরের ব্যাপারে উভয় পক্ষ একমত হতে পারছে না। ভারতের দাবি, কংগ্রেস স্বাক্ষরের ব্যাপারে নতুন করে শর্তারোপ করেছে। অন্যদিকে মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, হাইড আইনটি যুক্তরাষ্ট্রের আইন, পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি ও ২০০৫ সালে ভারত - যুক্তরাষ্ট্র যৌথ ঘোষণার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং এসব আইনে সেসব আইনের বাধ্যবাধকতা রয়েছে তা হাইড আইনের ক্ষেত্রেও প্রযোজ্য।

তারা বলছেন, ভারতের বর্তমান পরমাণু কর্মসূচি ওই চুক্তির ধারার সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দেশটির অবস্থান হাইড ও অন্যান্য মার্কিন আইনের পরিপন্থী।

এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বাধা হলো, ভারত যদি ১৯৯৮ সালের মতো আর কোনো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় তবে এ চুক্তি বাতিল হয়ে যাবে। আরেকটি বাধা হলো, মার্কিন যন্ত্রপাতি ব্যবহার করে ভারতের উৎপাদিত ও ব্যবহৃত জ্বালানি পুনর্ব্যবহারের অনুমতি দিতে এবং নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করতে যুক্তরাষ্ট্রের অসম্মতি জ্ঞাপন।

বাউচার বলেন, ১ মে মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস ও ভারতীয় পররাষ্ট্র সচিব শিব শংকর মেননের মধ্যকার আলোচনায় উভয় পক্ষ ‘নিজেদের মধ্যকার মতপার্থক্য আছে এমন বিষয়গুলোর সম্ভাব্য সমাধান প্রশ্নে মতৈক্যে পৌঁছেছেন’। ওই সময় থেকেই এসব বিষয়ে উভয় পক্ষ একে অপরের কাছে লিখিত প্রস্তাব পেশ করছে বলে তিনি জানান।

“কিন্তু দেখা গেছে, এমন অনেক বিষয়ে এখনও আমাদের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে যা ইতিমধ্যে সমাধান হয়ে গেছে বলে আমরা ভেবেছিলাম,” এক সাক্ষাৎকারে বলেন বাউচার।

বাউচার আরও জানান, দু - একটি বিষয় অমীমাংসিত থাকা অবস্থায় বার্নস চুক্তিটি স্বাক্ষর করতে ভারত সফর করবেন। তবে উভয় পক্ষ সে পর্যায়ে এখনও পৌঁছতে পারেনি বলে জানান তিনি।

তিনি বলেন, তিনি বিশ্বাস করেন দুদেশ চুক্তিটি স্বাক্ষরের ব্যাপারে একমত হবে।

এদিকে আগামী মাসে জি - এইট সম্মেলন উপলক্ষে জার্মানি সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ও ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। ওই সময়ই চুক্তিটি স্বাক্ষরিত হবে কিনা সে সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান বাউচার।