২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাউন ইরাক থেকে সেনা সরাবেন না: যুক্তরাষ্ট্র

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ইরাক থেকে আগেভাগেই সেনা সরাবেন না। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের আস্থা আছে।” নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার একথা বলেন। ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ব্রিটিশ সরকারের ভবিষ্যৎ ইরাক নীতি নিয়ে ওয়াশিংটন ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ আলাপ-আলোচনা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 08:22 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের বিদায়ের পর অর্থমন্ত্রী গর্ডন ব্রাউনের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি একরকম নিশ্চিত। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন ইরাক যুদ্ধের কারণে ব্লেয়ারের জনপ্রিয়তা কমে যাওয়া এবং এর পরিপ্রেক্ষিতে ক্ষমতা থেকে তার আগাম বিদায়ে ব্রিটিশ গণমাধ্যমে গুঞ্জন উঠেছে যে, তার উত্তরসূরী ব্রাউন জনগণকে আশ্বস্ত করতে তড়িঘড়ি ইরাক থেকে সেনা প্রত্যাহার করতে পারেন।

কিন্তু এ সম্ভাবনা নাকচ করে মার্কিন কর্মকর্তা বলেন, “আমাদের এরকম মনে হয় না। আমাদের বিশ্বাস, ইরাক ও আফগানিস্তানের ব্যাপারে ব্রিটিশ সরকারের দৃষ্টিভঙ্গি অপরিবর্তিত থাকবে।”

কর্মকর্তা বলেন, “ না, আমি ইরাক থেকে তড়িঘড়ি কিংবা হঠাৎ প্রস্থান, একতরফা সেনা প্রত্যাহার- এরকম কিছু দেখব না। আর ইরাক থেকে সরে আসতে আমরা সক্ষম বলেও আমি মনে করি না।”

ব্রাউন নিজেও এর আগে ইরাক থেকে জলদি সেনা প্রত্যাহার না করার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি এ মুহূর্তে ইরাকে রাজনৈতিক সংহতি স্থাপনের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, ইরাকের জনগণের জন্য এখন এটিই সবচে বেশি দরকার।

আগামী দিনগুলোতে ইরাক সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করে পরে এ ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত দেবেন বলেই জানিয়েছেন ব্রাউন।