গাজায় সেল ফোন ব্যবহার নিষিদ্ধ করল হামাস
হামাসের সশস্ত্র শাখা সোমবার এর সদস্যদের সেল ফোন এবং যানবাহন ব্যবহার না করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আশঙ্কা দূর করতেই এ পদক্ষেপ নিয়েছে হামাস।
গাজায় হামাসের এক মুখপাত্র বেতার বার্তায় ফিলিস্তিনি সেল ফোনের নেটওয়ার্কের কথা উল্লেখ করে বলেছেন, “এই ফোন আদৌ ব্যবহার করবেন না। দল বেঁধে কোথাও থাকবেন না। কোনো ধরনের যানবাহন ব্যবহার করবেন না। কারণ, ইহুদি শত্র“দের বিমান সব সময় আকাশে চক্কর দিচ্ছে।”
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা রোববার ফিলিস্তিনিদের রকেট হামলার জবাবে গাজায় কঠোর সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের কয়েক ঘন্টা পরই এক হামাস রাজনীতিবিদের বাড়ীতে ইসরায়েলি বিমান হামলায় ৮ জন নিহত হয়।
ইসরায়েলি মন্ত্রসভার এক মন্ত্রী বলেছেন, আন্তঃসীমান্ত এলকায় নিয়োজিত হামাসের সশস্ত্র শাখার সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
গাজার আকাশে ইতোমধ্যেই চক্কর দিতে শুরু করেছে ইসরায়েলের মনুষ্যবিহীন বিমান। এ অবস্থায় উচ্চ প্রযুক্তির বৈদ্যুতিক নজরদারি যন্ত্রপাতিতে ফিলিস্তিনি গেরিলাদের সেলফোনের সংকেত ধরা পড়তে পারে। এভাবে তাদের অবস্থান জেনে গিয়ে ইসরায়েল তাদের ওপর হামলা চালাতে পারে বলেই আপতত এ ধরনের ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
