পোল্যান্ডে ২০১১-১২ সাল নাগাদ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়বে যুক্তরাষ্ট্র
পোল্যান্ডে বিতর্কিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার প্রথম পর্ব ২০১১-১২ সাল নাগাদ সম্পন্ন করতে পারে যুক্তরাষ্ট্র। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সান্ডার জাইগ্লো সোমবার একথা বলেছেন। ওয়াশিংটন পোল্যান্ডে ১০ টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলাসহ রাডার সিস্টেম গড়ে তুলতে চায়। ইরানের মতো দুবৃত্ত রাষ্ট্রগুলো থেকে সম্ভাব্য হামলার হুমকি ঠেকানোই এর লক্ষ্য।
এই পরিকল্পনা নিয়ে মস্কোর সঙ্গে বিবাদে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। কারণ, মস্কো মনে করে কোনো না কোনো সময় এই প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বিরুদ্ধেই ব্যবহার করা হবে।
জাইগ্লো বলেন, এই ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি আলোচনার ওপর নির্ভর করছে। খুব তাড়াতাড়ি হলে এ প্রক্রিয়া ২০১১-১২ সাল নাগাদ সম্পন্ন হতে পারে।
যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা নিয়ে পোলিশ ও চেক সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার প্রস্তাব নিয়ে পোল্যান্ডের জনগণ উদ্বিগ্ন। তারা এ পরিকল্পনার বিরোধিতা করছে। তাদের আশঙ্কা, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে পোল্যান্ড সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
কিন্তু পোল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যারোস্লো কাজিন্সকি দেশের মাটিতে এই প্রতিরক্ষা ব্যবস্থা চান। তার মতে, এ ধরনের ব্যবস্থা দেশকে আরও সুরক্ষিত করবে।
উল্লেখ্য, পোল্যান্ড যুক্তরাষ্ট্রের শক্তিশালী মিত্র দেশ। ইরাক ও আফগানিস্তানের অভিযানেও যুক্তরাষ্ট্র এবং ন্যাটো বাহিনীর সহায়তায় পোল্যান্ডের সেনাবাহিনী প্রতিশ্র“তিবদ্ধ।
