২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্ব পুঁজিবাজারে সক্রিয় সন্ত্রাসবাদীরা’

সন্ত্রাসবাদী এবং অন্যান্য অপরাধী চক্রগুলো বিশ্ব পুঁজিবাজারে সক্রিয় তৎপরতা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) এ তথ্য জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। পুঁজিবাজারে সন্ত্রাসবাদীদের তৎপরতা সম্পর্কে প্রতি মাসেই কমিশনকে অবহিত করছে সিআইএ। যুক্তরাষ্ট্রের এসইসির ইতিহাসে এ ধরনের নিয়মিত ব্রিফিং এটাই প্রথম। ব্যারনস সাময়িকী তাদের সোমবার প্রকাশিত সংখ্যায় একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 04:15 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

সাময়িকীটি জানায়, এসইসি চেয়ারম্যান ক্রিস্টোফার কক্স জানিয়েছেন যে পুঁজিবাজারে সন্ত্রাসবাদীদের তৎপরতা সম্পর্কে তাকেসহ চারজন কমিশনারকে প্রতিমাসে নিয়মিতভাবে প্রতিবেদন পাঠায় সিআইএ।

তিনি জানান, সিআইএর প্রতিবেদনে পুঁজিবাজারে অপরাধ জগতের তৎপরতা এবং তাদের অবৈধ লেনদেনের বিষয়ে অত্যন্ত তীক্ষè পর্যবেক্ষণ তুলে ধরে সে সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এ তৎপরতার কারণে বিশ্ব পুঁজিবাজার মারাত্মক হুমকির মুখে পড়তে পারে।

কক্স বলেন, “অর্থ পাচার এবং পুঁজিবাজারে সন্ত্রাসীদের অর্থায়ন এবং অন্যান্য অপরাধী তৎপরতার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের নজর দেওয়ার মতো যথেষ্ট কর্মকাণ্ড ঘটেছে।”

তবে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে কিনা এ বিষয়ে কিছু জানাননি তিনি।

ব্যারনসের ওই প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করে স্টক এক্সচেঞ্জগুলোর একীভূতকরণের প্রবণতার কারণে বিশ্ববাজারে আরও বেশি করে নিয়ন্ত্রণ আরোপের সুযোগ সৃষ্টি হয়েছে। সন্ত্রাসবাদীরা অর্থ বাড়ানোর উপায় হিসেবে অনুন্নত দেশের পুঁজিবাজারে ব্যবসা করে থাকে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট পুঁজিবাজারগুলো।

প্রতিবেদনে বলা হয়, অপরাধীরা এখন ইচ্ছাকৃতভাবে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে তাদের কার্যক্রম চালাচ্ছে, যাতে তাদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে। উদাহরণ হিসেবে বলা হয় হংকং, মালয়েশিয়া, এস্তোনিয়া ও লাটভিয়ার নাগরিকরা যুক্তরাষ্ট্রের অনলাইন ব্রোকারেজ একাউন্টসের তথ্য আত্মসাৎ করে অন্যত্র তাদের শেয়ারের দাম বাড়ানোর চেষ্টা করেছে।

যুক্তরাষ্ট্রের এসইসি সম্প্রতি সিআইএর কাছে আরও বেশি গোপন তথ্য সরবরাহের অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছে সাময়িকীটি।

তবে এ বিষয়ে এসইসি কিংবা সিআইএর কোনো মন্তব্য পাওয়া যায়নি।