শিগগিরই পাকিস্তানে ফেরার ঘোষণা দিলেন সাবেক দুই প্রধানমন্ত্রী
পাকিস্তানের সাবেক দুই প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও নওয়াজ শরীফ শিগগিরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। স্থানীয় টেলিভিশন চ্যানেলে শুক্রবার প্রচারিত এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সাফ জানিয়ে দিয়েছেন, আগামী সাধারণ নির্বাচনের আগে নওয়াজ ও বেনজিরের কাউকেই দেশে ফিরতে দিচ্ছেন না তিনি। এরই পরিপ্রেক্ষিতে লন্ডনে অবস্থানরত দুই সাবেক প্রধানমন্ত্রী রোববার ঘোষণা দেন শিগগিরই দেশে ফেরার।
লন্ডনে স্বেচ্ছানির্বাসিত বেনজির ভুট্টো রোববার ব্রিটিশ দৈনিক টেলেগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “যাই ঘটুক না কেন, আমি এ বছরই দেশে ফিরছি।”
অন্যদিকে লন্ডনেই নির্বাসিত নওয়াজ শরীফও বলেন, প্রেসিডেন্ট জেনারেল মুশাররফের নেতৃত্বের প্রতি ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে তিনিও অদূর ভবিষ্যতে দেশে ফেরার পরিকল্পনা করছেন।
তিনি বলেন, “লোহা এখন গরম, কিন্তু কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস পর লোহাও গলতে শুরু করবে, তখনই আমি দেশে ফিরবো।”
নওয়াজ শরীফ কিংবা বেনজির ভূট্টোর দেশে ফেরা প্রসঙ্গে শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মুশাররফ বলেন, “নির্বাচনের আগে কেউই দেশে ফিরছেন না।”
দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বেনজির তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলা এড়াতে নির্বাসিত জীবন যাপন করছেন।
অন্যদিকে, ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নওযাজ শরীফকে ক্ষমতাচ্যুত করে তাকে নির্বাসনে পাঠান মুশাররফ। নওয়াজের দল মুসলিম লীগকে ভেঙে তার একাংশ নিয়ে নিজের রাজনৈতিক দলের ভিত গড়ার চেষ্টা চালান তিনি।
বেনজিরকে দেশে ফিরতে দেওয়ার বিনিময়ে একটি সমঝোতার মাধ্যমে ইসলামপন্থীদের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা এবং নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে নতুন মেরুকরণের চেষ্টায় মুশাররফের সঙ্গে কিছুদিন ধরে পাকিস্তান পিপলস পার্টির আলাপ আলোচনা চলছিল। দলের নেত্রী বেনজির নিজেই সেকথা জানিয়েছিলেন। তবে শর্ত ছিল, যেকোনো ধরনের সমঝোতার আগে সেনাপ্রধানের পদ ছাড়তে হবে মুশাররফকে।
এদিকে প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীকে বরখাস্ত করা নিয়ে সৃষ্ট জটিলতায় দারুণ বেকায়দায় আছেন মুশাররফ। বিশ্লেষকরা বলছেন, নিজের শাসনামলের সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি। করাচিতে গত সপ্তাহের সহিংসতায় প্রায় ৪০ জন নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে।
এরপর বেনজির বলেন, “করাচির ঘটনাকে পেছনে রেখে পেছনের দরজা দিয়ে আলোচনা চালানো মোটেও যুক্তিযুক্ত নয়।”
মুশাররফকে সতর্ক করে বেনজির বলেন, রাজনৈতিক সঙ্কট মোকাবেলা করতে না পারলে মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে প্রেসিডেন্ট সমর্থন হারাতে পারেন।
তিনি বলেন, “দেশের ভেতরেই আন্দোলন কর্মসূচি আরও জোরদার হলে আন্তর্জাতিক সম্প্রদায় বর্তমান শাসকগোষ্ঠীকে সমর্থন দেবে, এমন সম্ভাবনা কম।”
মুশাররফ আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে অনুষ্ঠিতব্য কেন্দ্রিয় ও প্রাদেশিক নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার পরিকল্পনা করছেন। এর দুমাস পরেই ডিসেম্বরে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে।
পাকিস্তানের রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ বিশ্লেষকরা বলছেন, অসদাচরণের অভিযোগ এনে প্রধান বিচারপতিকে বরখাস্ত করার পেছনে মুশাররফের আসল উদ্দেশ্য হলো, তিনি প্রভাবিত করতে পারবেন এমন কাউকে ওই পদে বসানো। যাতে করে প্রেসিডেন্ট পদে তার পুনর্নির্বাচন প্রচেষ্টা নিয়ে নিয়ে দেশে কোনো সাংবিধানিক সঙ্কট সৃষ্টি হলে আদালতকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি।
